করোনাভাইরাস: জেলায় আক্রান্তদের টুকরো খবর
প্রতিদিনের মতো বৃহস্পতিবারও দেশের বিভিন্ন জেলায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
তাদের নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
গোপালগঞ্জ
গোপালগঞ্জে নতুন করে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গোপালগঞ্জ জেলায় ৩৪ জন আক্রান্ত হলেন।
এছাড়া গোপালগঞ্জে প্রথাম করোনায় আক্রান্ত দম্পত্তি সুস্থ হয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বুধবার বিকেলে ছাড়া পেয়েছেন।
বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আরো জানান, গোপালগঞ্জ সদর উপজেলায় নতুন করে একব্যক্তি ও কাশিয়ানী উপজেলার ছোটখারকান্দি গ্রামে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে তার ভাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন অফিস জানিয়েছে, এ পর্যন্ত মুকসুদপুর থানার ১৭ পুলিশ সদস্য, গোপালগঞ্জ সদর উপজেলায় ৬ জন, টুঙ্গিপাড়ায় ৫ জন, কাশিয়ানীতে ৫ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে টুঙ্গিপাড়ার এক দম্পত্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চাঁদপুর
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চাঁদপুরে দুই জনের মৃত্যু হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তারা মারা যান।
এদের মধ্যে একজন ৭৫ বছর বয়সী বৃদ্ধা ও অপরজন ১৪ বছর বয়সী কিশোরী। তাদের দুই জনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, গত মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে ৭৫ বছরের এক নারী সদর হাসপাতালে আসলে সন্দেহভাজন রোগী হিসেবে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
“বুধবার মধ্যরাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”
তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট এলাকায়।
ডা. রুবেল জানান, এছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টায় সে হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া এলাকায়।
ফরিদপুর
ফরিদপুরে আরও একজনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজের ল্যাবে এটি শনাক্ত হয়। এ নিয়ে ফরিদপুরে এ পর্যন্ত মোট ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হল।
বুধবার বিকালে ৩৯ বছর বয়সী আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের এ ব্যক্তির রোগ শনাক্ত হয়।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, ওইব্যক্তির বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া বাড়ির সব সদস্যের উপাত্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে ওই ব্যক্তিকে নিয়ে এ পর্যন্ত ছয় জনের করোনাভাইরাস শনাক্ত হল।
এরমধ্যে তিনজন নগরকান্দা উপজেলার এবং বোয়ালমারী, চরভদ্রাসন ও আলফাডাঙ্গা উপজেলায় একজন করে।
গাইবান্ধা
গাইবান্ধায় প্রথম করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হন আমেরিকা প্রবাসী মা ও ছেলে (২২)।
তারা গত ২২ মার্চ শনাক্ত হয়ে গাইবান্ধায় চিকিৎসাধীন ছিলেন। গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে চিকিৎসাধীন থাকার পর গত ১০ এপ্রিল মা ও ছেলে (২২) সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। কিন্তু সুস্থ হবার ১২ দিনের মাথায় তিনি পুনরায় আক্রান্ত হয়ে পড়েন বলে গাইবান্ধা করোনাভাইরাস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।
এছাড়া একই দিন জেলার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নে নারায়নগঞ্জ ফেরত এক নারী পোষাক শ্রমিক (২২) নুতন করে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানান সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম।
তিনি আরও বলেন, ওই রোগীকে গাইবান্ধার আইসোলেশন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, জেলায় করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৪।
গাজীপুর
বৃহস্পতিবার গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ১৯ ও ২০ এপ্রিলে ঢাকার আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে (এনআইএলএমসি) যে নমুনা পাঠানো হয়েছিল তাতে নতুন আক্রান্তের সংখ্যা হল ৪৮।
তবে ওই দুইদিন কত স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছিল তার সঠিক তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
সর্বশেষ তথ্যানুযায়ী আক্রান্তদের মধ্যে কালিয়াকৈরে ৪, কালীগঞ্জে ১৪, শ্রীপুরে ৬ ও সদরে ২৪ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হল ৩১৭।
কুষ্টিয়া
কুষ্টিয়া জেলায় নতুন করে আরো দুজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক এবং একজন ষাটোর্দ্ধ বৃদ্ধ।
বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, নতুন শনাক্ত হওয়াদের একজন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক অপরজন কুমারখালী উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, বৃহস্পতিবার সকালে আক্রান্ত দুজনের নমুনা পরীক্ষায় পজেটিভ রেজাল্ট আসার পর তাদের দুজনের বাড়িতে স্বাস্থ্য বিভাগের টিম পাঠানো হয়।
আক্রান্তরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলায় একজন ব্যাংক কর্মকর্তা, খোকসা উপজেলায় পুলিশ সদস্য, ভেড়ামারায় চিকিৎসক এবং কুমারখালীতে দুজন ষাটোর্দ্ধ ব্যক্তি।
নওগাঁ
নওগাঁয় প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে।
আক্রান্ত ব্যক্তি রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স।
নওগাঁর ডেপুটি সিভিল র্সাজন মুনজুর এ মোর্শেদ জানান, কিছুদিন আগে ওই নার্সের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত ৮টায় তার নমুনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
রাণীনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা আল মামুন জানান, আক্রান্ত নারীর চিকিৎসার ব্যবস্থাসহ তার বাড়ি লকডাউন করা হয়েছে।
বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে করোনাভাইরাসে আক্রান্ত পঁয়ত্রিশ বছর বয়সী মসজিদের ইমাম করোনামুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে পরীক্ষার এ প্রতিবেদন পৌঁছেছে বাগেরহাটের স্বাস্থ্য বিভাগের কাছে।
দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, গত ১৫ এপ্রিল চিতলমারীতে মসজিদের এক ইমামের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তিনি এখন সুস্থ স্বাভাবিক রয়েছেন।
নরসিংদী
করোনাভাইরাসে নরসিংদী জেলার প্রথম আক্রান্ত রোগী পলাশ উপজেলার সেই মুফতি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার ছয়দিন পর ফের আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান পলাশ উপজেলা নির্বাহী কর্মর্কতা ফারহানা আলী।
রংপুর
রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে একদিনে ১৮৮ টি নমুনা পরীক্ষা করে সাতজন আক্রান্ত শনাক্ত হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু বলেন, গত ২৪ ঘন্টায় রংপুরের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে রংপুর সদরে ৩ জন, মিঠাপুকুর উপজেলায় ১ জন,পীরগঞ্জ উপজেলায় ১ জন, কুড়িগ্রামের রৌমারীতে ১ জন এবং পঞ্চগড়ের বোদায় ১ জন শনাক্ত করা হয়।
