শরীয়তপুরে ডাকাত ‘গুজবে’ মাইকিং
শরীয়তপুরে ডাকাত ঢোকার গুজব তুলে মসজিদে মাইকিং করা হয়েছে।এ সময় জেলার হাজার হাজার মানুষ হতে লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসে।
জেলার ছয় উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান জানান।
সদর উপজেলার আটিপাড়া গ্রামের মসজিদের ইমান হাফেজ মোস্তফা বলেন, “শরীয়তপুরের বিভিন্ন এলাকায় গভীর রাতে মসজিদে মাইকিং করে বলা হয়- এলাকায় ডাকাত ঢুকেছে সবাই হুঁশিয়ার-সাবধান। এ সময় স্থানীয় লোকজন শোরগোল করে লাঠিশোটা ও টর্চলাইট নিয়ে রাস্তায় নেমে আসে।”
সদরের আটিপাড়া গ্রামের মিজানুর রহমান মোস্তফা বলেন, “রাত দেড়টার দিকে আমাদের মসজিদের মাইকে ডাকাতের খবর শুনে এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে রাস্তায় বের হয়ে আসে। পরে কোথাও কোনো ডাকাতের সন্ধান পাওয়া যায়নি।”
দড়িচর দাদপুর বায়তুর নূর জামে মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান বলেন, “বুধবার রাত ১টার দিকে আশেপাশের মসজিদের মাইকিং-এ বলা হয়, আপনারা সবাই হুঁশিয়ার সাবধান। এরপর আমিও এলাকায় মাইকিং করে দিয়েছি। তবে কোথাও কোনো ডাকাত এসেছিল কি-না জানি না।”
নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের দিগম্বার পট্টি গ্রামের নাছির আহম্মেদ আলী বলেন, “আমি মাইকিং শুনে ভয়ও পেয়েছিলাম। পরে শুনি এটা সম্পূর্ণ গুজব।”
এ বিষয়ে পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন বলেন, “মাইকিং শুনে এলাকায় পুলিশের টহল জোরদার করি। পরে এ ঘটনার কেনো সত্যতা পাইনি।”
ভেদরগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, “গভীর রাতে মসজিদের মাইকে ডাকাত ডাকাত শোরগোল শুনে পুলিশের দল নিয়ে বিভিন্ন এলাকায় যাই। কিন্তু কোথাও কোনো ডাকাতের হদিস পাইনি।”
