করোনাভাইরাসে মৃত্যু, ইসলামী ফা্উন্ডেশনের সদস্যদের দাফনে ‘অস্বীকৃতি’
ইসলামী ফা্উন্ডেশনের প্রশিক্ষিত সদস্যরা ‘সহায়তা না করায়’ মেহেরপুরের মুজিবনগরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ব্যক্তির লাশ প্রশাসন ও পরিবারের লোকজন দাফন করেছে।
বুধবার বিকাল ৫টার দিকে প্রশাসনের সহযোগিতায় ওই লাশ দাফন করা হয় বলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উসমান গনি জানান।
একইদিন সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। তার বাড়ি মুজিবনগর উপজেলার বল্ল্ববপুরে।
ইউএনও বলেন, করোনাভাইরাসে মৃতদের দাফনে ওই পাঁচ আলেম সরকারিভাবে প্রশিক্ষিত হওয়ার পরও তারা ওই ব্যক্তির জানাজা ও দাফন করতে পারবেন না বলে মুজিবনগর উপজেলা কবরস্থান ত্যাগ করে চলে যান। পরে তিনিসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজওয়ান আহমেদ, মেহেরপুর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম এবং ওই ব্যক্তির পরিবারের দুইজন জানাজা ও দাফন কাজ সম্পন্ন করেন।
এ বিষয়ে ইসলামী ফাউন্ডেশন মুজিননগর উপজেলা ফিল্ড সুপারভাইজার তাওহিদুল ইসলাম বলেন, করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের লাশ দাফনের জন্য প্রতি উপজেলায় একটি কমিটিসহ প্রশিক্ষিত আলেম দল রয়েছেন। মুজিবনগরে করোনাভাইরাসে মৃত ব্যক্তির লাশ দাফনের জন্য কমিটি ও ইসলামী ফাউন্ডেশন পাঁচ আলেমের উপর দায়িত্ব দেন।
ওই পাঁচ আলেমের পেশাগত লাইসেন্স বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি জানান।
এদিকে দাফন কাজে অংশ নেওয়া সকলকে হোম কোয়ারেন্টিনে থাকতে এবং মুজিবনগর উপজেলা লকডাউন করার ঘোষণা দিয়েছে মেহেরপুর জেলা প্রশাসন।
