করোনাভাইরাস: টেকনাফে আরও একজন আক্রান্ত
কক্সবাজারের টেকনাফে আরও একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ছয়জনে দাঁড়াল।
বৃহস্পতিবার জেলার সিভিল সার্জন ডা. মো. মাহবুবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বলেন, বৃহস্পতিবার হাসপাতালের ল্যাবে সন্দেহভাজন ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে একজনের করোনাভাইরাস পজেটিভ এবং বাকিদের নেগেটিভ এসেছে।
নতুন করে আক্রান্ত ব্যক্তির বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং-এ। তিনি গত দশদিন আগে নারায়ণগঞ্জ তাবলিগ জামাত থেকে ফিরে বাড়িতে অবস্থান করছিল বলে জানান অনুপম।
গত ২২ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট ৬১৪ জন সন্দেহভাজন রোগীর করোনাভাইরাস টেষ্ট করা হয়েছে।
