কক্সবাজারে ৪ জনের কোভিড-১৯ শনাক্ত
কক্সবাজারে চার জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে; এরা মহেশখালী ও টেকনাফের বাসিন্দা।
রোববার সন্ধ্যায় কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবর রহমান এ তথ্য জানিয়েছেন।
ডা. মাহবুবর বলেন, “রোববার কক্সবাজার মেডিকেল কলেজে হাসপাতালের ল্যাবে জেলার বিভিন্ন উপজেলার ৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে চারজনের নমুনা পজেটিভ এবং ৫৯ জনের নেগেটিভ শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন বলেন, "পজেটিভ হিসেবে শনাক্ত চারজনের মধ্যে তিনজনের বাড়ি মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মুকবেকি, মুরংঘোনা ও বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজী পাড়ায়। অপরজনের বাড়ি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিসবুনিয়ায়।"
তবে এরা কীভাবে করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি জানিয়ে মাহবুবর বলেন, "করোনা পজেটিভ হিসেবে শনাক্ত চারজনকে আইসোলেশনে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।"
এদিকে, গত ১৮ দিনে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ল্যাবে এ পর্যন্ত ৪১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন ছাড়া অন্যদের নমুনায় নেগেটিভ ফলাফল পাওয়া যায়। করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়া চারজন কক্সবাজার জেলার এবং অপরজন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার বাসিন্দা।
