নেত্রকোণায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
নেত্রকোণায় ধানবোঝাই ট্রাকচাপায় এক স্বর্ণ ব্যবসায়ীর প্রাণ গেছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের বসুন্ধরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন বর্মণের বাড়ি নেত্রকোণা শহরের রাউতপাড়া এলাকায়। তিনি শহরে ‘মিলন জুয়েলারি’ নামে একটি দোকান চালাতেন।
মোহনগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ বলেন, মিলন বাসা থেকে বের হয়ে সবজি কিনতে কাঁচাবাজারে যাচ্ছিলেন। পধে ধানবোঝাই একটি ট্রাকের চাপায় আহত হন তিনি।
“পরে স্থানীয়রা মিলনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্ততি চলছে।
