কোভিড-১৯: বেড়েই চলেছে সংক্রমণ
বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারীর মধ্যে দেশে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। থেমে নেই মৃত্যুও।
সংক্রমণ ঝুঁকি এড়ানোর জন্য সরকার দেশে সাধারণ ছুটি ঘোষণা করে মানুষকে ঘরে থাকতে বলেছে। তারপরও থেমে নেই কোভিড-১৯ এর সংক্রমণ। দেশের অধিকাংশ জেলায় ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় সরকার ঘরে থাকার মেয়াদ আরেক দফা বাড়িয়ে ৫ মে করেছে।
দেশে এ পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের বুধবারের পাঠানো সংবাদ:
সিলেটে ১৩ জন শনাক্ত
সিলেটে একদিনে ১৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে।
এই হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, বুধবার ওসমানী মেডিকেলে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
কুষ্টিয়ায় এক পুলিশ সদস্যসহ তিন উপজেলায় তিনজন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
জেলার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়ায় নুতন সাতজনসহ ১৩ জন আক্রান্ত
বগুড়ায় নমুনা পরীক্ষার পর সাত জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ১৩ জন করোনাভাইরাস রোগী ভর্তি রয়েছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজার রহমান তুহীন জানান, আগে থেকে আইসোলেশন কেন্দ্রে ৫ জন করোনা রোগী ভর্তি ছিলেন।
“আজ আরও সাত জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।”
গোপালগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত বেড়ে ৩২
গোপালগঞ্জে নতুন করে দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩২ জন আক্রান্ত হলেন।
জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
কুড়িগ্রামে আরেকজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন হাবিবুর রহমান জানান, বুধবার ১৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ১৫ জনের শরীরে করোনার অস্থিত্ব পাওয়া না গেলেও একজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ৪ জন হলো বলে তিনি জানান।
বান্দরবানে আরও ৩ জন শনাক্ত
পার্বত্য জেলা বান্দরবানে আরও তিন জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে জেলার মোট আক্রান্ত হলে ৪ জন।
সিভিল সার্জন অংসুইপ্রু মারমা জানান, মঙ্গলবার রাতে নমুনা পরীক্ষায় তাদের শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে।
কক্সবাজারে আরেকজনের করোনাভাইরাস শনাক্ত
কক্সবাজারে আরেকজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো পাঁচ।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অনুপম বড়ুয়া জানিয়েছেন, বুধবার হাসপাতাল ল্যাবে সন্দেহভাজন ৬৪ জনের সংগৃহীত নমুনা পরীক্ষার ফলাফলে একজনের পজিটিভ এবং ৬৩ জনের করোনার নেগেটিভ ফলাফল এসেছে।
ফরিদপুরে আরেকজনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। বুধবার ফরিদপুর মেডিকেল কলেজের ল্যাবে এটি শনাক্ত হয়েছে বলে ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান।
এ নিয়ে জেলায় মোট ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।
দোহারে আরেকজন শনাক্ত
ঢাকার দোহার উপজেলায় আরও এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো দুই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা জানান, বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি মেইলে ওই ব্যক্তির করোনাভাইরাস পজিটিভ থাকার খবর আসে।
ফেনীর দাগনভূঞায় মৃত মুয়াজ্জিন আক্রান্ত ছিলেন না
ফেনীর দাগনভূঞায় কোভিড-১৯ উপসর্গ নিয়ে মারা যাওয়া মসজিদের মুয়াজ্জিন (৬৮) করোনাভাইরাস আক্রান্ত ছিলেন না।
জেলার সিভিল সার্জন সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার রাতে মৃত ব্যক্তির রিপোর্ট চট্টগ্রাম থেকে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে পৌঁছে। তাতে জানা গেছে ওই মুয়াজ্জিন করোনাভাইরাস আক্রান্ত ছিলেন না।
ঝালকাঠিতে আরেকজনের করোনাভাইরাস শনাক্ত
ঝালকাঠিকে আরেকজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।। এ নিয়ে জেলায় মোট ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
বুধবার দুপুরে ঝালকাঠির সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার বিষয়টি নিশ্চত করেছেন।
মেহেরপুরের মুজিবনগরে প্রথম কোভিড-১৯ শনাক্ত
মেহেরপুরে এই প্রথম একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার মেহেরপুর সিভিল সার্জন নাসির উদ্দিন বলেন, আক্রান্ত ব্যক্তির বাড়ি মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে।
নরসিংদীতে আক্রান্ত ১৩৪
রসিংদীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। গত ৭ এপ্রিল জেলায় প্রথম করোনাভাইরাস রোগী শনাক্তের পর ১৯ এপ্রিল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৩৪।
নরসিংদী জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
পটুয়াখালীতে নারী স্বাস্থ্য কর্মকর্তা আক্রান্ত
পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পটুয়াখালী সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত ২০ এপ্রিল একজন নারী উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরএ পাঠানো হয়েছিল। পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
চিকিৎসকসহ ব্রাহ্মণবাড়িয়ায় নতুন আক্রান্ত ১৩
ব্রাহ্মণবাড়িয়ায় তিন চিকিৎসকসহ মোট ১৩ জন নতুনভাবে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা হলো ৩২।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
