২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: সর্বদলীয় কমিটি গঠনের দাবি বাম জোটের

করোনাভাইরাসের এই পরিস্থিতিকে ‘জাতীয় সংকট’ ঘোষণা করে এটা মোকাবেলায় সর্বদলীয় পরামর্শ কমিটি গঠন করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2020, 09:13 PM

Updated : 10 Oct 2022, 07:07 PM

বুধবার নওগাঁ শহরে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান জোটের নেতারা।  

মানববন্ধনে জোটের জেলা সমন্বয়ক মহসীন রেজা বলেন, বর্তমান সংকটকে জাতীয় সংকট হিসেবে ঘোষণা করে সর্বদলীয় পরামর্শ কমিটি গঠন করতে হবে। প্রতিটি উপজেলায় বিশেষায়িত ল্যাব স্থাপন ও চিকিৎসার জন্য অস্থায়ী বিশেষায়িত হাসপাতাল স্থাপন করতে হবে।

তিনি বলেন, সরকার ঘোষিত ছুটি ও পরিবহনসহ সকল প্রকার দোকান, কল কারখানা, হোটেল, চাতাল বন্ধ রাখার কারণে শ্রমজীবী মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। খাদ্য ও আর্থিক সংকটে পড়ে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে।

এজন্য কর্মহীন পরিবারগুলোকে রক্ষার জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য পাড়ায় পাড়ায় রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান তিনি।  

সিপিবি'র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম সরবরাহ, বোরো ধান কাটা ও মাড়াইয়ের সময় এক এলাকার শ্রমিক যেন অন্য এলাকায় যেতে পারে তার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ, কৃষক তার উৎপাদিত ধান সরকারঘোষিত দরে যেন বিক্রি করতে পারে তার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ত্রাণের স্বপ্লতা, ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তুলে তিনি এসব বন্ধ করার দাবিও জানান।  

দুপুরে নওগাঁ শহরের ব্রিজের মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনেিআরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা বাসদের আহবায়ক জয়নাল আবেদীন মুকুল, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক মানিক মোহাম্মদ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি প্রদ্যোৎ ফৌজদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শমশের আলী মোল্লা প্রমুখ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারীর মধ্যে আমাদের দেশেও প্রতিনিয়ত সংক্রমণ হচ্ছে। সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকার দেশে সাধঅরণ ছুটি ঘোষণা করে মানুষকে ঘরে থাকতে বলেছে। এ কারণে কর্মজীবী মানুষ বিপাকে পড়েছে।

এই ভাইরাসের সংক্রমণে দেশে এই বর্তমানে ১২০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।