আশুলিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’, আটক ১
ঢাকার আশুলিয়ায় বান্ধবীর মামার বাড়ি গিয়ে ‘ধর্ষণের শিকার হয়েছে’ তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বুধবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ১০ বছর বয়সী ওই স্কুলছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পাঠানো হয়েছে।
আটক আলমগীর মিয়া (৪০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার আকন্দপাড়া গ্রামের রহমান মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার মানিকগঞ্জপাড়ায় ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করেন।
পরিবারের সদস্যদের উদ্ধৃত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানায়, গত ৯ এপ্রিল ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মানিকঞ্জপাড়ায় আলমগীরের ভাড়া বাসায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
গত মঙ্গলবার রাতে ওই স্কুলছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে ভাড়া বাসা থেকে আলমগীর মিয়াকে আটক করা হয় বলে জানান তিনি।
তিনি আরও জানান, ঘটনার দিন দুপুরে প্রতিবেশী এক বান্ধুবীর সাথে বান্ধবীর মামা আলমগীর মিয়ার বাসায় বেড়াতে যায় সে। ওই বাসায় যাওয়ার পরে আলমগীর তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি যাতে কেউ জানতে না পারে এজন্য তাদের ভয়ভীতি দেখায়ও।
মঙ্গলবার দুপুরে আলমগীর ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে হাত ধরে টানাটানি করে তার বাসায় নিয়ে যেতে চায়। এ ঘটনাটি একজন দেখে তার বাবাকে জানান। পরে ওই স্কুলছাত্রী তার বাবাকে আগের ঘটনা বলে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
