২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল: প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁওয়ে আইনজীবীর সাজা

সরকারি হত দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি চালের কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁওয়ে এক আইনজীবীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2020, 06:19 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

বুধবার জেলা প্রশাসন চত্বরে এই ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

দণ্ডিত মমতাজুর রহমান বিপুল (৫৪) শহরের আশ্রমপাড়ার প্রয়াত নাসিরুল ইসলামের ছেলে; তিনি ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সদস্য।

ইউএনও আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১০ টাকা কেজি দরে ওএমএস চাল বিতরণ স্থগিত করেছে সরকার। এখন পুনরায় নতুনভাবে হতদরিদ্র মানুষদের নামের তালিকা তৈরি করা হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে হতদরিদ্র মানুষদের মাঝে ১০ টাকা কেজি দরের চালের কার্ড দেওয়া হবে।”

তিনি বলেন, আইনজীবী মমতাজুর রহমান বিপুল ওএমএসের চালের কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সবজি বিক্রেতা আলমগীর হোসেনের কাছ থেকে আড়াই হাজার টাকা হাতিয়ে নেণ। গোপনে এমন খবর পেয়ে জেলা প্রশাসন চত্বরে হাতেনাতে ওই আইনজীবীকে আটক করা হয়।

“পরে ভ্রাম্যমাণ আদালতে মমতাজুর রহমান বিপুল তার দোষ স্বীকার করেন। এরপর তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সেই সঙ্গে সবজি বিক্রেতা আলমগীর হোসেনকে আড়াই হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং ওই আইনজীবীকে সতর্ক করা হয়।”

মমতাজুর রহমান বিপুল দণ্ডের টাকা ও সবজি বিক্রেতার টাকা পরিশোধ করেছেন বলে ইউএনও জানান।