মাদারীপুরে সংঘর্ষে যুবক নিহত
মাদারীপুরের রাজৈরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
নিহত নির্মল মণ্ডল (২৮) উপজেলার কদমবাড়ি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের যতীন মণ্ডলের ছেলে।
মঙ্গলবার রাত ১০টার দিকে ওই এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে রাজৈর থানার ওসি শওকত জাহান বলেন, নির্মলের সঙ্গে তার পাশের বাড়ির প্রতিবেশী কার্তিক বাইনদের দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল।
“এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে নির্মল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতেই তার মৃত্যু হয়।”
বুধবার সকাল পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
