কেরানীগঞ্জে আক্রান্ত বেড়ে ৫৪
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একদিনে কারারক্ষীসহ নতুন করে আটজন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা ৫৪ জনে দাঁড়াল।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, নতুন আক্রান্ত আটজনের মধ্যে একজন কারারক্ষী ও একজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।
আক্রান্তদের চারজন উপজেলার শুভাঢ্যা, দুইজন জিনজিরা ও দুইজন তেঘরিয়া ইউনিয়নের বাসিন্দা। এদের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে।
স্বাস্থ্য কর্মকর্তা মোবারক বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা ওই চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পেয়েছি। আইডিসিআরের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
হাসপাতালের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে ডা. মোবারক জানান, আক্রান্তদের স্বজনদের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
কেরানীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। এছাড়াও গত সোমবার এক চিকিৎসক ও কেরানীগঞ্জ মডেল থানার এক পুলিশ সদস্যসহ চার সংক্রমিত শনাক্ত হন।
সব মিলিয়ে এ উপজেলায় বিভিন্ন এলাকায় এ পর্যন্ত মোট ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদেরমধ্যে গত রোববার পর্যন্ত তিন বৃদ্ধের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানান ডা. মোবারক।
