টাঙ্গাইলে আরও একজন আক্রান্ত
টাঙ্গাইলের নাগরপুরে মঙ্গলবার আরও একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার খবর পাওয়া গেছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওয়াহীদুজ্জামান বলেন, “গত ২৪ ঘণ্টায় জেলায় ১০২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে নাগরপুরের একজন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১২ জনের শরীরে এ রোগ শনাক্ত হয়েছে।”
এছাড়া জামালপুরে কর্মরত গোপালপুর উপজেলার এক ব্যক্তির নমুনা ওই জেলা থেকে সংগ্রহ করা হয়েছিল, তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি জামালপুরেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানান সিভিল সার্জন।
তিনি বলেন, জেলায় মোট ৪১৩৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়, যার মধ্যে ২২৯০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছে ৬৪ জন। জেলা থেকে এ পর্যন্ত ৭৬১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।
এছাড়া চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান।
