কেরানীগঞ্জে চিকিৎসক ও পুলিশ আক্রান্ত
ঢাকার কেরানীগঞ্জে চিকিৎসক, পুলিশসহ নতুন করে আরও চারজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, এ নিয়ে এ উপজেলায় আক্রান্ত দাঁড়ালো ৪৬ জনে।
সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, আক্রান্তরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক (৩২), চিকিৎসকের সহকারী (২৮), কেরানীগঞ্জ মডেল থানার এএসআই (৫৫) ও শাক্তা ইউনিয়নের ৬৫ বছরের এক বৃদ্ধ।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “সোমবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা ওই চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পেয়েছি।”
আইডিসিআরের নির্দেশনা অনুযায়ী আক্রান্তদের মধ্যে দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজনকে তাদের বাড়িতে আইসলোশনে রাখা হয়েছে বলে জানান তিনি।
হাসপাতালের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে ডা, মোবারক বলেন, “ইতোমধ্যে আমরা আক্রান্তদের স্বজনদের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দিয়েছি।”
গত রোববার জিনজিরা ও আঁগানগর দুই ইউনিয়নে পাঁচজন আক্রান্ত হন। এ উপজেলায় বিভিন্ন এলাকায় এ পর্যন্ত মোট ৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদেরমধ্যে গত মঙ্গলবার ও গত রোববার ৬৫, ৮০ ও ৭০ বছর বয়সী তিনজন মারা গেছেন বলে জানান মোবারক।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মাইনুল ইসলাম জানান, আক্রান্ত ওই এএসআই কয়েকদিন ধরে ছুটিতে থাকায় থানার অন্য কারো সংস্পর্শে আসতে পারেননি।
“এজন্য অন্য কারো সংক্রমিত হওয়ার ভয় না থাকায় থানার কার্যক্রম চলমান রয়েছে।”
