দিনাজপুরে ইউপি চেয়ারম্যান আটক
দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলামের গুদাম থেকে ওএমএস-এর জন্য বরাদ্দ করা সাড়ে চার হাজার কেজি চাল ও আটা জব্দ করা হয়েছে।
অবৈধভাবে এ চাল-আটা গোপনে মজুদ রাখার দায়ে চেয়ারম্যান মোমিনুল ইসলামকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।
জব্দ তালিকায় দুই হাজার কেজি চাল এবং আড়াই হাজার কেজি আটা রয়েছে।
উদ্ধার অভিযানে থাকা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে শেখপুরা এলাকায় চেয়ারম্যান মোমিনুলের ভাড়া করা মিলের গুদামে অভিযান চালিয়ে এসব চাল-আটা পাওয়া যায়।
“এছাড়া নিয়ম অনুযায়ী ওএমএস কার্যক্রম বন্ধ থাকলে অবিক্রিত মালামালের তথ্য খাদ্য বিভাগকে অবহিত করতে হয়-সেটি এক্ষেত্রে করা হয়নি।”
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন সরকার জানান, চারজন ডিলারের সামগ্রী কীভাবে তার কাছে এসেছে এবং এর সাথে আরো কারা জড়িত এসব জানতে চেয়ারম্যান মোমিনুলকে আটক করা হয়েছে।
