গাইবান্ধায় ত্রাণের দাবিতে অটোরিকশা চালকদের অবরোধ
নতুন করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারি বন্ধের কারণে কর্মহীন হয়ে পড়া দেড় শতাধিক অটোরিকেশা ও অটোভ্যান চালক ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেছে গাইবান্ধায়।
সোমবার দুপুর ১২টা থেকে একঘণ্টা তারা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের একটি সড়ক অবরোধ করে।
তারা সবাই গিদারী ইউনিয়নের বাগুড়িয়া ও কিশামত ফলিয়া গ্রামের বাসিন্দা।
অবরোধকারীরা জানান, গত ২৬ মার্চ সাধারণ ছুটির পর থেকেই তারা কর্মহীন হয়ে পড়েছেন। কেউ যানবাহন নিয়ে সড়কে বের হতে পারছেন না। ফলে গত ২৫ দিন ধরে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেককে ঋণ করে সংসার চালাতে হচ্ছে।
গিদারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, সাধারণত যে বরাদ্দ দেওয়া হয় এবার তার চেয়ে অতিরিক্ত আরও ৫০০ কেজি চাল বেশি বরাদ্দ পাওয়া গেছে। ফলে ১০ কেজি করে আরও ৫০টি পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে।
“কিন্তু করোনাভাইরাসের কারণে কর্মহীন লোকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখন পর্যন্ত ইউনিয়নের সব কর্মহীন পরিবারকে ত্রাণ দেওয়া সম্ভব হয় নাই।”
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসুন কুমার চক্রবর্তী বলেন, “আজকের কর্মসূচির বিষয়ে যানবাহন চালকরা আগে থেকে কিছু জানাননি। তারপরও সেখানে সহকারী কমিশনারকে (ভূমি) পাঠানো হয়েছে। তাদের মধ্যে যারা এখনও ত্রাণ পাননি তাদের দেওয়ার ব্যবস্থা করা হবে।”
