২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জ জেলা অবরুদ্ধ ঘোষণা

করোনাভাইরাসের বিস্তার রোধে মানিকগঞ্জ জেলা অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2020, 08:27 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

জেলা প্রশাসক এস এম ফেরদৌস এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে রোববার সন্ধ্যা থেকে এ আদেশ কার্যকরের নির্দেশ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়- “জনসাধারণের একে অপরের সঙ্গে মেলামেশা নিষিদ্ধ করা ছাড়া সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয়। মানিকগঞ্জের আশপাশের জেলাগুলোতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ওইসব জেলা থেকে মানিকগঞ্জে বে-আইনিভাবে লোকজন প্রবেশ করছে। এ কারণে রোববার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মানিকগঞ্জ অবরুদ্ধ থাকবে।

“এ সময়ে জেলার ভেতরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত করা যাবে না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবেন না। তবে চিকিৎসাসেবা, জরুরি পরিসেবা, ওষুধ, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংবাদপত্র সেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।”

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, “এসব শর্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”