২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ থেকে এসে সর্দি-জ্বরে মৃত্যু

গাইবান্ধা সদরে সর্দি, জ্বর ও কাশিতে দুই যুবকের মৃত্যু হয়েছে; যাদের একজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন এবং আরেকজনের বাড়িতে নারায়ণগঞ্জ থেকে মেহমান এসেছিলেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2020, 05:03 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

শনিবার বিকালে ২৮ বছর বয়সী এবং রাতে ৩২ বছর বয়সী যুবকের মৃত্যু হয় বলে গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান।

তাদের মৃত্যুর পর ওই দুই পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদের একজনের বাড়ি সদর উপজেলার গিদারী ইউনিয়নের চরুয়াপাড়া গ্রামে ও অপরজনের বাড়ি একই উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে।

গিদারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, চরুয়াপাড়া গ্রামের যুবক নারায়ণগঞ্জে শ্রমিকের কাজ করতেন। এক মাস আগে তিনি বাড়ি ফিরেছেন। এরপর কয়েকদিন আগে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হন। 

তার স্বজনের বরাত দিয়ে চেয়ারম্যান রশিদ বলেন, শনিবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শনিবার রাতেই তার মরদেহ ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ১৫ দিন আগে নারায়ণগঞ্জ থেকে রঘুনাথপুর গ্রামে ওই যুবকের বাড়িতে কয়েকজন আত্মীয় আসেন। এরপর থেকেই ওই যুবক জ্বর, কাশি ও সর্দিতে ভুগছিলেন।

“শনিবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। রোববার দুপুরে ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।”

রোববার সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, এই দুই যুবকের মৃত্যু নতুন করোনাভাইরাসে হয়েছে কিনা তা নিশ্চিত হতে মৃতদেহ দুটি থেকে নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই দুই জনের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সিভিল সার্জন জানান।