বাগেরহাটে আইসোলেশনে মারা যাওয়া ব্যক্তি ‘আক্রান্ত ছিলেন না’
বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে মারা যাওয়া ৬০ বছরের বেশি বয়সী সেই ব্যক্তি করোনাভাইরাসে ‘আক্রান্ত ছিলেন না’, অন্যদিকে চিতলমারী উপজেলায় আক্রান্ত একজন ‘সুস্থ’ হয়ে উঠছেন বলে সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানিয়েছেন।
রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া আইসোলেশনে থাকা ব্যক্তির নমুনা পরীক্ষার প্রতিবেদনের বরাতে তিনি বলেন, “ওই বৃদ্ধের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। তার মৃত্যু হয়েছে লিভারের নানা সমস্যার কারণে।”
গত বৃহস্পতিবার বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ওই ব্যক্তির মৃত্যু হয়। ওইদিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়।
বাগেরহাটে ১০২ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর পর গত ১৫ এপ্রিল চিতলমারী উপজেলার এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এখন পর্যন্ত জেলায় এক জনই আক্রান্ত হয়েছেন।
এদিকে চিতলমারীর আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠছেন জানিয়ে সিভিল সার্জন বলেন, “শনিবার দুপুরে তার নমুনা সংগ্রহ করে আবারও ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে তার মা, স্ত্রী, ভাইসহ পাঁচজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে নাই।”
গত ৯ এপ্রিল ওই ব্যক্তি ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে বাগেরহাটের চিতলমারীর গ্রামের বাড়িতে ফেরেন। তার বয়স ৩৫ বছর। তিনি ভাঙ্গার একটি মসজিদের ইমাম।
তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরার পড়ার পর তার বাড়িসহ পাশের তিনটি বাড়ি অবরুদ্ধ করে দেয় প্রশাসন।
