বাগেরহাটে ‘প্রথম’ একজন আক্রান্ত, ৩ বাড়ি অবরুদ্ধ
বাগেরহাটের চিতলমারীতে প্রথম বারের মত একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এরপর ওই ব্যক্তির বাড়িসহ তিনটি বাড়ি অবরুদ্ধ করে দিয়েছে প্রশাসন।
বুধবার বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, জেলায় এই প্রথম করোভাইরাসের রোগী শনাক্ত হল।
তিনি বলেন,“মঙ্গলবার পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন উপজেলা থেকে মোট ৫৪ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। তাদের মধ্যে একজনের শরীরে সংমণ ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ফরিদপুর থেকে নিজের গ্রামের বাড়িতে ফিরেছেন।
“কিন্তু আক্রান্ত ব্যক্তির মধ্যে করোনাভাইরাসের যেসব উপসর্গ থাকার কথা তা কিন্তু এখন নেই। তিনি আগের মতই সুস্থ স্বাভাবিক আছেন। তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে।”
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম বলেন, গত ৯ এপ্রিল আক্রান্ত ব্যক্তি ফরিদপুরের ভাঙা উপজেলা থেকে বাগেরহাটের চিতলমারীর গ্রামের বাড়িতে ফেরেন। তিনি ভাঙার একটি মসজিদের ইমাম। তার বয়স ৩৫ বছর।
“জেলার বাইরে থেকে আসায় গত ১১ এপ্রিল স্বাস্থ্য বিভাগ তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা পাঠায়। তার রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হওয়ায় ওই বাড়িসহ পাশের তিনটি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে।”
