করোনাভাইরাস শনাক্তের পরদিনও শিশুটি হাসপাতালে ঘুরে বেড়াচ্ছিল
ভুল ঠিকানার কারণে পরীক্ষায় করোনাভাইরাস আক্রান্ত জানার পরও খুঁজে না পাওয়া শিশুটিকে অবশেষে পরদিন হাসপাতালেই পাওয়া গেছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফিরোজ আলম বলেন, “আজ সকাল ১১টার দিকে সাত বছরের ওই মেয়েটিকে হাসপাতালেই শনাক্ত করা হয়।”
নমুনা পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের দুইজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়। এরমধ্যে রাণীশংকৈল উপজেলার বড় বাঁশগাড়া গ্রামের এ শিশু রয়েছে বলে গত শুক্রবার ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার জানিয়েছিলেন।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফিরোজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিভিল সার্জনের কাছ থেকে শুক্রবার শনাক্তের খবর জানার পর স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন হাসপাতালে দেওয়া ঠিকানায় খোঁজ করলে শিশুটির পরিবারের হদিস মেলেনি।
“বিকাল থেকে গভীর রাত পর্যন্ত শিশুটি বা তার পরিবারের কাউকে খুঁজে না পেয়ে স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন ফিরে আসে।”
আরএমও ফিরোজ আলম বলেন, “শনিবার সকাল ১১টার দিকে রাণীশংকৈল হাসপাতালে ওয়ার্ডে ওই শিশুটিকে ঘোরাফেরা করতে দেখে চিনতে পারেন হাসপাতালের ল্যাব টেকনেশিয়ান ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট। আরও নিশ্চিত হওয়ার জন্য ১৩ এপ্রিলের হাসপাতালের সিসি টিভির ক্যামেরার ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখা হয়।
সন্ধান পাওয়ার পর শিশুটির মা সাংবাদিকদের জানান, হাসপাতালে চিকিৎসাধীন তার এক স্বজনকে খাবার দিতে এসেছিলেন তিনি। তবে এ সময় তার মেয়ে কোন কোন ওয়ার্ডে ঘুরেছে তার কোনো স্পষ্ট করে তিনি বলতে পারেননি।
রফিকুল ইসলাম নামের এ হাসপাতালের এক রোগী বলেন, “করোনা শনাক্ত হওয়ার পর একজন রোগী কীভাবে হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়-এটা ভাবতেই ভয় হচ্ছে। এই এক শিশুর মাধ্যমে যে আরো কতজন করোনায় আক্রান্ত হবে, ভাবতে পারছি না।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুস সামাদ জানান, গত ১৩ এপ্রিল নমুনা সংগ্রহের সময় তারা বাড়ির ঠিকানা ভুল দিয়েছিল এবং মোবাইল নম্বরও দেয়নি। এ কারণে এ সম্যাসার সৃষ্টি হয়েছে।
ঠাকুরগাঁও সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার বলেন, শিশুটি কীভাবে করোনায় আক্রান্ত হলো, আর সে এলাকায় কার কার সঙ্গে মিশেছে সেসব চিহ্নিত করতে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
আগামীকাল ওই শিশুটির পরিবারের ১৩জন সদস্য ও পাশ্বাবর্তী আরও দুইজনের নমুনা সংগ্রহ করা হবে। এছাড়াও এলাকার যাদেরকে সন্দেহ হবে তাদেরই নমুনা সংগ্রহ করা হবে বলে জানান সিভিল সার্জন।
রানীশংকৈল উপজেলায় করোনা প্রতিরোধে সমন্বয় টিমের দায়িত্বে থাকা সহকারী কমিশনার সোহাগ চন্দ্র সাহা জানান, শিশুটির গ্রামের ৩৫টি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে। যার সংস্পর্শে শিশুটির শরীরে করোনা সংক্রামিত হয়েছে, তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মাসহ শিশুটিকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।
