২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিক্ষোভ-অবরোধে ২৬ কারখানার শ্রমিক

বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুরে দুই ডজনের বেশি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 09:01 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

বৃহস্পতিবার বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ কয়েকটি সড়কে বিভিন্ন পয়েন্টে সকাল থেকে অবরোধ করে।

শ্রমিক অসন্তোষের মুখে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশের মধ্যস্থতায় চলতি মাসের মধ্যেই শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দিলে তারা কর্মসূচি তুলে নিয়ে ফিরে যায়।

করোনাভাইরাসের ঝুঁকির মধ্যে লকডউনের কারণে বন্ধ রয়েছে প্রায় সব কারখানা। এসব কারখানার অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া থাকায় প্রায় প্রতিদিনই ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ-অবরোধ করছে। এ সময় পুলিশ ও মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সভায় বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা কর্মসূচি তুলে নিয়ে চলে যায়।  

গাজীপুর শিল্প পুলিশের এএসপি আরিফ রাইয়ান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গাজীপুরের আড়াই সহস্রাধিক কারখানার অধিকাংশই ছুটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

“তবে করোনা পরিস্থিতিতে সুরক্ষা পোশাক পিপিই, মাস্ক, গ্লাভসসহ গোখাদ্য ও ওষুধ উৎপাদনের জন্য ১২০টি কারখানা চালু রাখা হয়েছে।”

এএসপি আরিফ বলেন, গত কয়েকদিন ধরেই এসব বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা তাদের মার্চ মাসের বেতন ভাতাসহ বকেয়া পাওনাদি পরিশোধের দাবি জানিয়ে আসছিল। ইতোমধ্যে বেশিরভাগ কারখানার শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়েছে। তবে নানা জটিলতার কারণে কিছু সংখ্যক কারখানার শ্রমিকদের পাওনাদি পরিশোধ করতে পারেনি কর্তৃপক্ষ।

“এতে বিভিন্ন কারখানার শ্রমিক-কর্মচারীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। গত কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন স্থানে শ্রমিকরা তাদের মার্চ মাসের বেতন ভাতাসহ বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ করে আসছে।”

তিনি জানান, তারা সড়ক মহাসড়কও অবরোধ করছে। বৃহস্পতিবারও জেলার ভোগড়া, কড্ডা, নাওজোর, হোতাপাড়া, কালিয়াকৈর, টঙ্গী ও তিনসড়কসহ বিভিন্ন এলাকার অন্তত ২৬টি পোশাক কারখানার শ্রমিক রাস্তায় বিক্ষোভ করেছে। তারা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ কয়েকটি সড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধও করেছে।

গাজীপুর শিল্প পুলিশের এএসপি মোস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া ও বাসন সড়ক এলাকার আলিফ গার্মেন্টস ও কলম্বিয়া গার্মেন্টসের শ্রমিকরা তাদের মার্চ মাসের বেতন ভাতা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ওই দুই কারখানার গেইটে জড়ো হতে থাকে। করোনা পরিস্থিতির কারণে কারখানা দুটি বর্তমানে বন্ধ রয়েছে।

“শ্রমিকরা কারখানার গেইটে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করলেও মালিক পক্ষের কাউকে না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তারা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর এসে পৃথকভাবে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।”

এএসপি মোস্তাফিজুর রহমান আরও বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে আগামী ২০ এপ্রিল অনলাইনে বেতন পরিশোধের তারিখ ঘোষণা দিলে শ্রমিকরা তাদের কর্মসূচি স্থগিত করে ফিরে যায়।

শিল্প পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষ্মীপুরার স্টাইল ক্র্যাফ্ট পোশাক কারখানার শ্রমিকরাও একই দাবিতে বিক্ষোভ করেছে। এসময় তারা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে। এ সময়ে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে আগামী ২০ এপ্রিল বেতন পরিশোধের তারিখ ঘোষণা দিলে শ্রমিকরা তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেয়।  

তিনি আরও জানান, মহানগরীর কড্ডা এলাকার ভুইয়া গার্মেন্টেসের শ্রমিকরা একই দাবিতে সকাল থেকে বিক্ষোভ করেছে। এ সময় তারা কারখানার কারখানার পার্শ্ববর্তী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ বলেন, রাজেন্দ্রপুর হোতাপাড়া এলাকার গিভেন্সি, শ্রীপুরের ভাংনাহাটী এলাকার এম এইচ সি অ্যাপারেলস লিমিটেড, সাইটালিয়া এলাকার কে ডি এম গ্লোবাল অ্যাপারেলস লিমিটেডসহ টঙ্গী ও কালিয়কৈরসহ জেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা বেতন ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে।

শিল্পাঞ্চল পুলিশ গাজীপুর জোন-২-এর পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বলেন, শ্রম মন্ত্রণালয় শ্রমিকদের মার্চের বেতন ১৬ এপ্রিলের মধ্যে কমপ্লিট করতে বলেছে। এজন্য সরকার একটা বিরাট অংকের টাকা তাদের প্রণোদনা হিসেবেও দিয়েছে। কিন্তু ১৬ এপ্রিলের মধ্যে অনেক কারখানা ঘোষণাই করেনি কবে তারা বেতন দেবে। আবার কিছু কিছু কারখানা কর্তৃপক্ষ ঘোষণা করেছে তারা ১৬ এপ্রিলের পরে বেতন দেবে।

“এটা নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছে। তারা চাচ্ছে আসলে মালিকরা কবে তাদের বেতন দেবে তার একটি নির্দিষ্ট দিন ও সময়। অনেকেই ১৬ এপ্রিলেই বেতন দাবি করেছে, না পেয়ে তারা বিক্ষোভ করেছে। আমরা তাদের ধৈর্য়ের সঙ্গে বুঝিয়ে সাময়িক নিবৃত্ত করেছি।”