গম সংগ্রহ শুরু: ২৮ টাকা দরে কৃষকের ‘লাভ হবে না’
নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনে ‘খাদ্যঘাটতির’ শঙ্কার মধ্যে সরকারের কাছে গম বেচে লাভ হবে না বলছেন কৃষকরা; তাদের কথা যৌক্তিক ভাবছেন ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রকও।
বুধবার ঠাকুরগাঁওয়ে কৃষকদের কাছ থেকে সরাসরি ২৮ টাকা দরে গম কেনার অভিযান শুরুর দিনই সংগ্রহ নিয়ে এই শঙ্কার কথা জানা গেল।
এদিন বিকালে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সদর খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চেন্দ্র সেন।
কৃষক রতন চন্দ্র রায় বলেন, “এর আগে আমি ধান দিতে পারিনি। এই প্রথম সরাসরি গুদামে এসে গম দিতে পারছি।”
সদর উপজেলার আকচা গ্রামের কৃষক রতন চন্দ্র রায় ও জগমোহন রায় দুই মেট্রিন টন করে চার মেট্রিক টন গম ২৮ টাকা দরে সরকারি গুদামে বিক্রি করেন।
এ বছর এ জেলায় ২৮ টাকা দরে কৃষকদের কাছ থেকে ১২ হাজার ৪৬১ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।
যার মধ্যে সদর উপজেলায় দুই হাজার ৭৫৭ মেট্রিক টন, পীরগঞ্জ উপজেলায় দুই হাজার ৪৭২ মেট্রিক টন, রাণীশংকৈল উপজেলায় দুই হাজার ৬৮২ মেট্রিক টন, হরিপুর উপজেলায় এক হাজার ৩৯৬ মেট্রিক টন ও বালিয়াডাঙ্গী উপজেলায় দুই হাজার ৭৫৭ মেট্রিক টন সংগ্রহ করার কথা রয়েছে।
সদরের জগন্নাথপুর ইউনিয়নের খোচাবাড়ি এলাকার সুমন ইসলাম বলেন, “সরকার ২৮ টাকা দরে গম নিচ্ছেন। অন্যদিকে বাজারে ২৫ টাকা দরে গম বিক্রি হচ্ছে।
“বাড়ি থেকে সরকারি খাদ্যগুদামে গম নিতে অনেক খরচ হবে, এতে ২৮ টাকা দরে গম বিক্রি করে লাভ হবে না।”
তাই তিনি বাজারেই গম বিক্রি করা লাভজনক ভাবছেন।
করোনাভাইরসে তিন জন আক্রান্ত হওয়ায় জেলা লকডাউন করা হয়েছে। এতে যানবাহনও চলাচল করছে না।
সেই প্রসঙ্গ টেনে সদরের বালিয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের কৃষক আল মামুন বলেন, “যেসব যানবাহান পাওয়া যায় তার ভাড়াও অনেক বেশি।
“সেদিকে ভাবলে সরকারি খাদ্যগুদামে গম বিক্রি করে লাভবান না হয়ে উল্টো ক্ষতিগ্রস্ত হব।”
তিনি চান সরকার গমের দাম বাড়াক।
জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যানবাহন না চলার ফলে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৮ টাকা দরে গম সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা রয়েছে।
“গমের লক্ষ্যমাত্রা অর্জনের শঙ্কা মাথায় রেখে আমরা কাজ করছি,” বলে তিনি ফের যোগ করেন, ‘আশা করি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।’
কৃষি বিভাগের দেওয়া তালিকা উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। লটারিতে যেসব কৃষক নির্বাচিত হয়েছে তাদের কৃষি বিভাগের মাধ্যমে জানানো হচ্ছে। একজন কৃষক সর্বোচ্চ তিন মেট্রিক টন গম দিতে পারবেন বলে জানান তিনি।
উৎপাদনের চিত্র তুলে ধরেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছর জেলায় ৫০ হাজার ২২০ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় দুই লক্ষ পাঁচ হাজার ৯০২ মেট্রিক টন।
“এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ৫০ হাজার ৬৫০ হাজার হেক্টর জমিতে গম আবাদ হয় এবং উৎপাদন হয় দুই লক্ষ সাত হাজার ৬৬৫ মেট্রিক টন।”
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধ্যস্বত্বভোগীরা যাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে না পারে, এজন্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরপরও কোনো ধরনের অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কর্মসূচি উদ্বোধন করতে এসে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের কারণে সামনে খাদ্যের ঘাটতি হতে চলেছে। তা পুরণের জন্যই এ বছর দেশের মধ্যে প্রথম ঠাকুরগাঁওয়ে গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে।”
কৃষকদের সরকারের কাছে গম বিক্রির আহ্বান জানানোর পাশাপাশি সরকারিভাবে গম সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জন হবে বলে আশাবাদ প্রকাশ করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।
এই গম সংগ্রহ অভিযান চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
