ঘরে পাঁচ বস্তা চাল, মহিলা আ.লীগ নেত্রী কারাগারে
পটুয়াখালীতে ঘরে পাঁচ বস্তা সরকারি চাল পাওয়ায় এক ইউপি মেম্বর ও মহিলা আওয়ামী লীগের নেত্রীকে এক মাসের জন্য কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত লিপি বেগম পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের (১, ২, ৩) মহিলা মেম্বর এবং ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালী সাংবাদিকদের জানান, ইউপি সদস্য লিপি বেগমের ঘর থেকে অবৈধভাবে রাখা পাঁচ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
“গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে লিপি বেগমের ঘর থেকে পাঁচ বস্তা ভর্তি সরকারি চাল জব্দ করা হয়।”
তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান এসিল্যান্ড।
