২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বেতনের দাবিতে ফের বিক্ষোভ, অবরোধ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে বিভিন্ন স্থানে পোশাক কারখানার শ্রমিকরা ফের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 07:44 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

পুরনো খবর:

বেতনের দাবিতে সাভারে এবার সিরামিক কারখানায় বিক্ষোভ

বুধবার মহানগরীর টঙ্গী, তিন সড়ক, সালনা, ভোগড়া, শরীফপুর ও মির্জাপুর এলাকায় এসব বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটে।

এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-গাজীপুর সড়কে যানবাহন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে এবং যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে সরে যায় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

করোনাভাইরাসের বিশ্বব্যাপী সংক্রমণের মধ্যে ঝুঁকি এড়াতে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার মানুষকে ঘরে থাকতে বলেছে। এ কারণে অন্যান্য শিল্পের মতো অধিকাংশ পোশাক কারখানাও বন্ধ রয়েছে। এসব কারখানায় কোনো কোনো ক্ষেত্রে শ্রমিকদের বেতন না দেওয়া কিংবা ছাঁটাইয়ের অভিযোগ উঠছে।   

এর আগেও গাজীপুর ও ঢাকার সাভারে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেছে। প্রতিক্ষেত্রেই কর্তৃপক্ষ ও পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের একটি তারিখ দিয়ে তাদের ঘরে ফেরায়। 

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার পরিদর্শক সৈয়দ রাফিউল করিম বলেন, বকেয়া বেতন-ভাতার দাবিতে মহানগরীর তিন সড়ক এলাকার স্টাইলক্রাফট ও ইন্টারম্যাক্স পোশাক কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে তারা কারখানার সামনে ঢাকা-গাজীপুর মহাসড়কে অবস্থান নেন।” তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে। পরে ইন্টারম্যাক্স কারখানার কর্তৃপক্ষ ২০ এপ্রিল এবং স্টাইলক্রাফট কর্তৃপক্ষ ২৭ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

সদর থানার ওসি আলমগীর ভুইয়া বলেন, একই দিন সকালে সিটি কর্পোরেশনের সালনা এলাকার শ্যামলী গার্মেন্টসের শ্রমিকরা মার্চের বেতনের দাবিতে কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

“পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলে ১৮ এপ্রিল বেতন প্রদানের ঘোষণা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”

বাসন থানার পরিদর্শক নন্দলাল চৌধুরী বলেন, মার্চের বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস সড়ক অবরোধ করেন স্থানীয় পেয়ারাবাগান এলাকার ‘ভি অ্যান্ড আর ফ্যাশন’ কারখানার শ্রমিকরা।

তিনি বলেন, একই দাবিতে তেলিপাড়া এলাকার ‘বটম গ্যালারি’, ভোগড়া এলাকার ‘মিকি গার্মেন্টস’, ‘প্যানাসিয়া’ পোশাক কারখানার শ্রমিকরা সকালে বিক্ষোভ শুরু করেন।

“এ সময় তারা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ভোগড়ার ঢাকা-বাইপাস সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে।”

ওসি আলমগীর বলেন, পরে ২০ এপ্রিল ‘ভি অ্যান্ড আর ফ্যাশন’, ১৬ এপ্রিল ‘বটম গ্যালারি’ এবং ১৯ এপ্রিল ‘মিকি গার্মেন্টস’ ও ‘প্যানাসিয়া  পোশাক কারখানা’ কর্তৃপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন ত্যাগ করে চলে যায়। 

গাছা থানার এসআই মো. ফয়সাল বলেন, মার্চের বেতনের দাবিতে স্থানীয়  ‘হান্নান নিট অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে এবং এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

“পরে কারখানা কর্তৃপক্ষ ১৬ তারিখ দুপুরে বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।”

এসআই ফয়সাল আরও বলেন, বিসিক এলাকার ‘শিশির প্রাইভেট লিমিটেড’ কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ না করে কারখানার গেটে বন্ধের নোটিশ দিলে শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করে।

এছাড়া একইদিন সকালে গাজীপুর মহানগরীর গাছা থানার শরীফপুর এলাকার ‘ধরলা ফ্যাশন’ কারখনা, স্থানীয় নতুন বাজার এলাকার ‘আশ শাকুর ক্রাফটস লিমিটেড’ এবং গাজীপুর সদর উপজেলার তালতলী এলাকার ‘মেগা ওয়্যার ডায়িং’ কারখানা, রাজেন্দ্রপুর এলাকার ‘হরাইজন গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানাও মার্চের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে বলে স্থানীয়রা জানান।

পরে পুলিশ গিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন দেওয়ার আশ্বাস দিলে তারা ফিরে যায় বলে জানান এসআই ফয়সাল।