২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ত্রাণ নিয়ে সংঘর্ষে আহত ২১

গোপালগঞ্জে ত্রাণ বিতরণ নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ২১ জন আহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 07:09 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

বুধবার সকালে কোটালীপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের শিমুলবাড়িতে এ সংঘর্ষ ঘটে বলে পুলিশ জানিয়েছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ড. সুশান্ত বৈদ্য বলেন, সংঘর্ষে আহত ১৯ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

“এদের মধ্যে ২-৩ জনের অবস্থা বেশি গুরুতর।”

আহতরা হলেন, আলেয়া বেগম (৫০), আমজেদ খলিফা (৪০),লালন খলিফা (৩৫), রাজিব (২৫), চাঁনমিয়া খলিফা (৪২), এনামুল  খলিফা (২২), বাচ্চু খলিফা (৩৮), ফিরোজ খলিফা (৩৮), ছমিরউদ্দিন খলিফা (৫৫), টুটুল খলিফা (২৬), সরো খলিফা (৩০), সোহান খলিফা (২৬), আজিজুল খলিফা (৪০), সামচুল হক খলিফা (৪৬) , নজরুল ইসলাম খলিফা (৩৫), কবির খলিফা (৪০), সরোয়ার খলিফা (৪০), রনী খলিফা (১৮), আশিক খলিফা (২১), আনোয়ার খলিফা (৪৮), ও আরিফ খলিফা (৪৫)  আহত হন ।

হাসপাতালে ভর্তি আহত চাঁনমিয়া খলিফা ও ফিরোজ খলিফা জানান, তারা পৌর সভার ৩নং ওয়ার্ডে কর্মহীন দিন মজুর। করেনাভাইরাসের বন্ধে কাজ হারিয়ে ‘অনাহারে-অর্ধাহারে’ দিন কাটাচ্ছে।

চাঁনমিয়া খলিফা বলেন, “৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল সরদার তার সমর্থক ও স্বচ্ছল পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করছেন। এ বিষয় আমরা প্রতিবাদ করলে কমিশনারে সমর্থক আয়ূব আলী আমাদের ওপর হামলা করে।

“পরে দু’পক্ষের লোকজন সংষর্ষে লিপ্ত হলে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ২১ জন আহত হয়।”

আহতদের অভিযোগ অস্বীকার করে ৩নং ওয়ার্ডে কউন্সিলন কামাল হোসেন সরদার বলেন, “ত্রাণ বিতরণে আমি কোনো প্রকার স্বজনপ্রীতি করিনি। যারা ত্রাণ পাওয়ার উপযুক্ত তাদেরকেই দেওয়া হয়েছে।

“আহতরা মিথ্যে অভিযোগ করেছে। আয়ুব আলীর সাথে খলিফাদের আগে থেকেই বিরোধ ছিল। এ নিয়ে এ ঘটনা ঘটতে পারে ।”

পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ দাবি করেন, যারা ত্রাণ পাওয়ার উপযুক্ত তাদেরকে দেওয়ার জন্য প্রত্যেক কাউন্সিলরকে নির্দেশ দেওয়া হয়েছে। ‘সেভাবেই ত্রাণ বিতরণ করা হচ্ছে।’

কোটালীপাড়া থানার ওসি তদন্ত মো. জাকারিয়া বলেন, “ত্রাণ বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ ব্যাপারে কেউ এখনো কোনো অভিযোগ করেনি।

“অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।