‘বান্দুরা বটতলা’র হাট জমজমাট, তোয়াক্কা করছে না সামাজিক দূরত্বের
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন বান্দুরা বটতলা এলাকায় বসেছে সাপ্তাহিক হাট।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিটি কাঁচা বাজার ও পাইকারি বাজার খোলা জায়গায় বসানোর নির্দেশনা দিয়েছে সরকার।
বুধবার সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, নতুন বান্দুরা বটতলা প্রতি সপ্তাহের মতো হাট বসেছে। শাক-সবজি, হলুদ-মরিচ, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একসঙ্গে বসেছে দোকানিরা। ক্রেতাদের ভিড় ছিল উপচে পড়া।
হাটে সবজি বিক্রেতা আনোয়ার বলেন, “আমাদের বসার জন্য যদি আলাদা জায়গার ব্যবস্থা করা হতো তাহলে এভাবে গাদাগাদি করে বসতে হতো না। আমরাও তো রিক্সা নিয়ে ব্যবসা করতাছি। যত দ্রুত সম্ভব আমাদের খোলা জায়গায় বসার ব্যবস্থা করলে আমরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারতাম।”
স্থানীয় বাসিন্দা তুর্য বলেন, “ব্যবসায়ীরা সামাজিক দূরত্বের নির্দেশ অমান্য করে হাট বসিয়েছে। এতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যাবে। প্রশাসনের উচিত এখনই ব্যবস্থা গ্রহণ করা।
“নবাবগঞ্জ সদরসহ বিভিন্ন স্থানের বাজারগুলো খোলা জায়গায় স্থানান্তর করা হয়েছে। কিন্ত নতুন বান্দুরার সকালের বাজার এবং মাছের আড়ত কেন খোলা জায়গায় স্থানান্তর করা হচ্ছে না এটা বোধগম্য নয়।”
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু বলেন, “প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। কাঁচাবাজারগুলো যেন খোলা স্থানে বা মাঠে বসানো হয়। এতে সামাজিক দূরত্ব বজায় থাকবে।”
এ ব্যাপারে বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিল্লাল মিয়া সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
