গোপালগঞ্জে শ্বাসকষ্টে নারীর মৃত্যু, নমুনা সংগ্রহ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্বাসকষ্ট নিয়ে এক নারীর মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়।
তার বাড়ি টুঙ্গিপাড়ার গহওরডাঙ্গা গ্রামে।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দীন বলেন, “মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে শ্বাসকষ্ট নিয়ে ওই নারী হাসপাতালে আসেন। এ সময় তাকে অক্সিজেন ও নেবুলাইজেশন দেওয়া হয়। পরে তার স্বজনরা ওষুধ আনতে যান। তারা ফেরার আগেই ও্ই নারী মারা যান। তাকে চিকিৎসা করার সুযোগ আমরা পাইনি।”
তিনি বলেন, ওই নারী ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। আগে তার জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্টের কোন লক্ষণ ছিল না। হঠাৎ ‘তীব্র শ্বাসকষ্টে’ তিনি মারা গেছেন। তাই আমরা ধারণা করছি, তিনি হয়তো করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তাই তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।”
ওই নারীর গ্রামের বাড়ি অবরুদ্ধ করা হয়েছে এবং পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে বলে জনান চিকিৎসক জসিম।
