২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে লাঠিপেটা করা সেই কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে হাট-বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে শহরের মানুষকে লাঠিপেটা করা সেই ওয়ার্ড কাউন্সিলরের বিরদ্ধে মামলা করা হয়েছে।  

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 10:04 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

মামলার আসামি- আমিনুর রহমান আমিন টাঙ্গাইল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

টাঙ্গাইল সদর মডেল ওসি মো. মীর মোশারফ হোসেন জানান, গত ৭ এপ্রিল ঘটনার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাঠিপেটার ভিডিও ভাইরাল হওয়ার পর আমিনুর রহমানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

রোববার বিকালে সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন ই-মেইলের মাধ্যমে মামলার এজাহার থানায় পাঠান। পরে সেদিনই তা মামলা হিসেবে নেওয়া হয়।

তিনি বলেন, এখন মামলা হয়েছে, তাই ওই কাউন্সিলরকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

পৌর কাউন্সিলর আমিনুরের লাঠিপেটার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। সেখানে দেখা যায়- টাঙ্গাইল শহরের ছয়আনি বাজার নিরালা মোড় থেকে প্রধান সড়কে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলে সাধারণ লোকজনকে লাঠিপেটা করছেন আমিনুর। তাকে গালাগালি করতেও শোনা গেছে।

একজন জনপ্রতিনিধির এমন আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন। আবার অনেকে এ ঘটনার সমালোচনা করে বিভিন্ন মন্তব্য পোস্ট করেন এবং তাকে বিচারের আওতায় আনার দাবি তোলেন।