‘চাল কম দেওয়ায়’ আ.লীগ নেতা কারাগারে
হবিগঞ্জে সরকারি চাল বিতরণে মাপে কম দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে এক মাসের জন্য কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম খান কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সরকারি চালের ডিলার।
কাগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী জানান, ১০ টাকা কেজি ধরে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও ডিলার নজরুল ইসলাম মাপে কম দেন।
“৩০ কেজির বদলে তিনি প্রত্যেককে ২২/২৩ কেজি করে প্রদান করেন।”
চাল গ্রহিতারা বিষয়টি বুঝতে পেরে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে অভিযোগ দেন।
তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমানকে ঘটনাস্থলে পাঠালে অভিযোগের সত্যতা পাওয়ায় এবং নজরুল ইসলাম অনিয়মের বিষয়টি স্বীকার করায় তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান জানান, দণ্ডাদেশ দেওয়ার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
