দুই টিভি সাংবাদিকের হাতে হ্যান্ডকাপ, বগুড়ায় এসআইকে ‘প্রত্যাহার’
বগুড়ায় দুই টিভি সাংবাদিককে দায়িত্ব পালনকালে পুলিশ হ্যান্ড কাপ পরে আটক করে থানায় নিয়ে আসে; এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যকে ‘প্রত্যাহার’ করা হয়েছে।
রোববার এ ঘটনা জানার পর পর গণমাধ্যমকর্মীরা প্রতিবাদ জানাতে থানায় হাজির হয়।
আটক সাংবাদিকরা হলেন একাত্তর টিভির বগুড়া প্রতিনিধি সাহজাহান আলী বাবু ও সময় টিভির মাজেদ রহমান।
বগুড়া সদর থানার ওসিকে বিষয়টি জানতে ফোন দিলে তিনি কেটে দেন।
পরে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, “ঘটনাটি দুঃখ জনক।
“দুই সাংবাদিককে স্বসম্মানে ছেড়ে দেওয়া হয়েছে এবং ঘটনায় জড়িত ওই সাব ইন্সপেক্টরকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।”
ওই দুজন সাংবাদিক জানায়, তারা শহরের চেলোপাড়ায় যাচ্ছিল। এসময় জোরে হর্ন বাজিয়ে পুলিশের এক গাড়ি যাওয়ার সময় দ্রুত সাইড দেয় তারা। বিষয়টি নিয়ে ওই সাব ইন্সেপেক্টর নিরন্জনের সাথে তর্ক হয়। পরে তাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে থানায় নিয়ে আসে।
ঔ ঘটনায় সাংবাদিক মাজেদ রহমান বাদী হয়ে সাব ইন্সপেক্টর নিরন্জন ও আরেকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছেন বলে মাজেদ রহমান জানান।
বিএফইউজের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও বগুড়া টেলিভিশন সাংবাদিক অ্যাসেসিয়েশনের সভাপতি জি এম সজল জানান, গণমাধ্যম কর্মী মাজেদ রহমান ও সাহজাহান বাবুর হাতে হ্যান্ড কাপ লাগানো সাংবাদিক সমাজকে হেয় করা। এর প্রতিবাদ জানাই। পাশাপাশি সকল আইন শৃংখলা বাহিনীকে বলবো সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করুন। ভবিষ্যতে যেন অজুহাত দেখিয়ে এ ধরনের ঘটনা না ঘটানো হয়।
