গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা অবরুদ্ধ
বাইরের লোকজনের প্রবেশ ঠেকাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা অবরুদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রোববার বিকাল সাড়ে ৪টায় করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ ঘোষণা দেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাকিব হাসান তরফদার বলেন,“ঢাকা থেকে মাদারীপুরের শিবচর হয়ে টুঙ্গিপাড়া গ্রামের বাড়িতে ফেরা দম্পত্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া নারায়নগঞ্জ থেকে পালিয়ে টুঙ্গিপাড়া গ্রামের বাড়িতে এসে ওষুধ কোম্পানির এক কর্মীও আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টুঙ্গিপাড়ায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।”
এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত এলাকা ঢাকা-নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ টুঙ্গিপাড়া এসেছেন। এদের বেশ কয়েকজনকে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে বলে জানান ইউএনও।
তিনি বলেন, “স্বাস্থ্য বিভাগের মাধ্যমে অনেকের নমুনা সংগ্রহ পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আক্রান্ত এলাকা থেকে লোকজন টুঙ্গিপাড়া আসায় এখানে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই অন্য জেলা থেকে টুঙ্গিপাড়ায় প্রবেশ বন্ধ ও টুঙ্গিপাড়ার মানুষের বাইরে যাওয়া ঠেকাতে টুঙ্গিপাড়া উপজেলাকে লকডাউন করা হয়েছে।”
