২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ট্রাক আটকে ত্রাণ নিয়ে গেল জনতা

জামালপুরে একটি ত্রাণবাহী ট্রাক আটকে ত্রাণ সামগ্রী নিয়ে গেছে স্থানীয় জনতা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 06:11 PM

Updated : 08 Apr 2022, 12:37 AM

জামালপুর পৌরসভার মুকুন্দবাড়ি এলাকায় রোববার বেলা দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ওই পৌরসভার ২, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের জন্য দশ কেজি করে চাল ও ৩ কেজি করে আলুর ৬০০ প্যাকেট নিয়ে ট্রাকটি শহরের বানিয়া বাজারে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল পাশার কার্যালয়ে যাচ্ছিল।

ট্রাকটি মুকুন্দবাড়ি এলাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানার বাসভবনের সামনে গেলে মুকুন্দবাড়ি, পালপাড়া ও বজ্রাপুর এলাকার ‘কর্মহীন মানুষ’ সেটি আটকে ৪০০ প্যাকেট ত্রাণ সামগ্রী হুড়োহুড়ি করে নিয়ে যায়।

এসব লোকজন আগে থেকেই ওই সড়কে অবস্থান নিয়েছিল। এ সময় সেখানে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল পাশাকে উপস্থিত থাকতে দেখা গেছে।

পরে এ বিষয়ে জানতে জামাল পাশার মোবাইলে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।

জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি টেলিফোনে বলেন “ত্রাণ সামগ্রী লুট হয়নি, ৬ নম্বর ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে ট্রাক থেকেই বিতরণ করা হয়েছে এসব ত্রাণ।”

জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।