২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ১৬৮ বস্তা সরকারি চাল জব্দ, ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের বাড়ি ও গুদাম থেকে দশ টাকা কেজি দরের ১৬৮ বস্তা চাল জব্দ ও তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 03:59 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

এ ঘটনায় আনিসুরের সহযোগী নন্দীগ্রাম পৌর এলাকার ৮ নম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলীকেও গ্রেপ্তার এবং চালের ডিলার মিলন সরদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী বলেন, “গোপন সংবাদে শনিবার রাতে নন্দীগ্রাম উপজেলার শিমলা গ্রামে উপজেলা আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বাড়িতে তল্লাশি করে ৫৮ বস্তা চাল উদ্ধার করা হয়।

“এরপর র‌্যাব সদস্যরা শিমলা বাজারে আনিছুরের গোডাউনে তল্লাশি চালিয়ে আরও ১১০ বস্তা চাল উদ্ধার করে। পরে আনিছুর ও তার সহযোগী আনছার আলীকে গ্রেপ্তার করে।”

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, “আটকরা জিজ্ঞাসাবাদে জানায় যে, খাদ্য বিভাগের ডিলার মিলন সরদারের নামে বরাদ্দকৃত এ চাল ক্রয় করে মজুত করেছেন তারা। পরে এ ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা ও ডিলারের নামে মামলা দায়ের করা হয়।”

এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় র‌্যাব।