২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সরকারি ৬ বস্তা চাল জব্দ, পালিয়েছে হোতা ‘যুবলীগ নেতা’

ফেনীর ফুলগাজীতে খাদ্যবান্ধব কর্মসূচির ছয় বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় একজন গ্রেপ্তার হলেও মূল হোতা ডালের ডিলার ও ‘যুবলীগ নেতা’ পালিয়ে গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 05:57 AM

Updated : 18 Aug 2022, 02:51 PM

শনিবার রাতে উপজেলার আমজাদ হাট ইউনিয়নের এক প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন।

এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আটক জাকির হোসেন মজুমদার (৩৫) ওই ইউনিয়নের ফেনাপুষ্করণি গ্রামের হাবিবুল্লাহ মজুমদারের ছেলে।

ফুলগাজী থানার ওসি মোহাম্মদ কুতুব উদ্দীন জানান, আটক জাকির হোসেনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে নেওয়া হবে।

“মামলার মূল আসামি ডিলার নান্নুকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”

চালের ডিলার আবদুল আউয়াল নান্নু (৩৮) স্থানীয় আমজাদ হাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফুলগাজী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুনীল দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ছয় বস্তা চাল জব্দ করেন।

অভিযানের বিষয়টি টের পেয়ে স্থানীয় ডিলার আবদুল আউয়াল নান্নু (৩৮) পালিয়ে গেলেও জাকির হোসনকে আটক করে পুলিশ।

তিনি আরো জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এসব চাল ১০ টাকা দরে হতদরিদ্রের মাঝে বিক্রি করার কথা ছিল কিন্তু ওই ডিলার গোপনে ছয় বস্তা চাল জাকির হোসেনের কাছে বিক্রি করেন।

চাল জব্দ ও অভিযুক্ত ক্রেতা আটকের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুনীল দত্ত বাদী হয়ে ফুলগাজী থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।