২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদিন বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 01:08 AM

Updated : 10 Oct 2022, 07:06 PM

প্রথমদিকে পরীক্ষার আওতা ছোট থাকলেও এখন দেশে বেশ কয়েকটি স্থানে পরীক্ষা হচ্ছে। তাই পরীক্ষাও হচ্ছে বেশি।

দেশে এ পর্যন্ত ৪৮২ জনের দেহে করেনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩০ জনের। সুস্থ হয়েছেন ৩৬ জন।

শনিবার দেশের বিভিন্ন জেলা থেকে পাঠানো সংবাদে আরও অনেকের আক্রান্তের খবর পাওয়া গেছে। এছাড়া অনেকের নমুনা পরীক্ষা করা হয়েছে; এখনও ফলাফল আসেনি।

ঠাকুরগাঁও

নারায়ণগঞ্জ থেকে ঠাকুরগাঁও আসা তিনজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।  

শনিবার বিকালে জেলার সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার একথা জানান।  

তিনি বলেন, আক্রান্তদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তারা তিনজনই পুরুষ। এরমধ্যে এক জনের বাড়ি পীরগঞ্জ উপজেলার ভবানিপুর গ্রামে ও দুই জনের বাড়ি হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামে। তারা নারায়ণগঞ্জে কাজ করতেন। 

গোপালগঞ্জ

নারায়ণগঞ্জ থেকে পালিয়ে গোপালগঞ্জে এসে বেসরকারি ওষুধ কোম্পানীর এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার সরাইডাঙ্গা গ্রামে। তিনি এসিআই ফার্মাসিটিউক্যাল লিমিটেডের নারায়ণগঞ্জ ডিপোর ম্যানেজমেন্ট বিভাগে চাকরি করেন।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, আক্রান্ত ওই ব্যক্তি গত ৯ এপ্রিল কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে পালিয়ে টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের নিজের বাড়িতে আসেন। তার সর্দি, জ্বর, গলাব্যথাসহ কাশি ছিল।

“পরে ঢাকায় তার নমুনা পরীক্ষার পর শনিবার রিপোর্ট পাওয়ার পর তার শরীরে করোনাভাইরাস পজিটিভ বলে নিশ্চিত হওয়া গেছে।”

বরগুনা

বরগুনা সদর জেনারেল হাসপাতালে সদ্য ঢাকাফেরত ৬০ বছর বয়সী এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বরগুনা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব উদ্দিন বলেন, শনিবার আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে তাবলীগ থেকে ফিরে আসা ওই ব্যক্তির করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে তাবলিগ জামাতে অংশ নিয়ে বরগুনায় আসেন।

এর আগে গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক এক চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তির বাড়িটিকে অবরুদ্ধ করা হয়েছে।

চাঁদপুর

চাঁদপুরে আরও এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন মো. শাখাওয়াত উল্লাহ জানান, শনিবার ২৬ বছর বয়সী ওই যুবকের পরীক্ষার রিপোর্ট আসে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রাখা হবে।

“এ নিয়ে নারায়ণগঞ্জফেরত দুই যুবকের করোনারিপোর্ট পজিটিভ হলো। তারা দুই জনই মতলব উত্তর উপজেলার বাসিন্দা। তারা নারায়ণগঞ্জে গার্মেন্টেসে চাকরি করতেন।”

গাজীপুর

গাজীপুরে নয় জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; তারা সবাই আইসোলেশনে রয়েছেন।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, সম্প্রতি ১৬০ জনের নমুনা ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ১১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ হয়। পরে তাদের মধ্যে দুই জন ভালো হয়ে গেলে বাকি নয় জনকে আইসোলেশনে পাঠানো হয়।

জামালপুর

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক বাবুর্চিসহ আরও তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জামালপুর জেলায় সাত জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান জানান, জেলার ২২ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার বিকালে জানানো হয়েছে বকশীগঞ্জের তাদের মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্তদের জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হবে বলে জানান শফিকুজ্জামান।

ঝালকাঠি

ঝালকাঠিতে এক পরিবারের তিন জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ঝালকাঠি সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, তিন দফায় ঝালকাঠির মোট ৫৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে পরীক্ষায় ২৬ জনের করোনানেগেটিভ রিপোর্ট আসে।

“আজ (শনিবার) তিন জনের দেহে করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। বাকিদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।”

শনাক্ত ওই ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়িগুলো অবরুদ্ধ করা হয়েছে বলে শ্যামল জানান।

কেরানীগঞ্জ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একদিনে আরও দুই করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এই উপজেলায় এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা হলো ১৬।

শনিবার রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসেন।

আক্রান্তরা হলেন উপজেলার জিনজিরা এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সী এক যুবক ও শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা ৫৩ বছর বয়সী আরেকজন।

দোহার

ঢাকার দোহার উপজেলায় চিল্লা থেকে ফেরা তাবলীগ জামায়াতের ১২ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন।

ওই বারো সদস্য উপজেলার কুসুমহাটি ও নয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

জসিম উদ্দিন বলেন, “দোহার উপজেলায় এখনও কেউ করোনাভাইরাসে সংক্রমিত হয়নি। নতুন করে কেউ যাতে আক্রান্ত না হয় সেজন্য আমরা সর্বদা তৎপর রয়েছি। এরই পরিপ্রেক্ষিতে আমরা আজ জানতে পারি ওই দুই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১২ জন ব্যক্তি চিল্লা থেকে সদ্য তাদের গ্রামে ফিরেছেন।” 

সংক্রমণের ঝুঁকি এড়াতে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তির মা, স্ত্রী ও ভাইয়ের শরীরেও এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

এ ছাড়া জেলার হোসেনপুরে আরও একজনের শরীরে শনাক্ত হয়েছে।

শনিবার শনাক্ত নতুন চারজনসহ জেলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১।

জেলার সিভিল সার্জন মুজিবুর রহমান বলেন, দুপুরে ঢাকা থেকে ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্তের বিষয়টি জানানো হয়েছে।

সিভিল সার্জনের দেয়া তথ্য মতে গত ৬ এপ্রিল করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামে করোনা আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়। ৮ এপ্রিল তার করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়।

শুক্রবার আইপিএইচ এর প্রতিবেদনে জেলায় ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের বিষটি জানানো হয়।

মানিকগঞ্জ

মানিকগঞ্জে আরও দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শিবালয়ের এক পুলিশ সদস্য ও হরিরামপুরের এক প্রেস ব্যবসায়ী রয়েছেন। 

শনিবার সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাভধায়ক আরশাদ উল্লাহ জানান, গোপালগঞ্জের মকসুদপুর থানায় এক কনস্টেবল (৪৫) গত মঙ্গলবার শিবালয়ের উথলী ইউনিয়নের কলাবাগান গ্রামে  যান। বুধবার কাশি নিয়ে স্থানীয় শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। শুক্রবার রাতে তার রিপোর্ট পজিটিভ আসলে তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মালেক জানান, হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের এক ব্যক্তি গত রোববার ঢাকা থেকে নিজ গ্রামে আসেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে বুধবার নমুনা সংগ্রহ করা হয়। পরে আইইডিসিআর থেকে তার রিপোর্ট পজিটিভ আসে।

মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের করোনাভাইরাস সন্দেহে এক নারীকে (৫০) সিলেট শহীদ সামছু উদ্দিন হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সিভিল সার্জন তাওহীদ আহমদ চৌধুরী শনিবার একথা জানান।

অপরদিকে, একই ইউনিয়নের চাতলাপুর চা বাগানের চৌচল্লিশ পাট্টা এলাকার এক যুবকের জ্বর-শর্দি থাকায় তাকে তার বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে বলে জানান কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী।

নরসিংদী

নরসিংদীতে নতুন করে আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ৪ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে।

শনিবার নরসিংদী সিভিল সার্জন ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রায়পুরার শাহপুর গ্রামের ও পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকার দুই জনই নারায়ণগঞ্জে চাকরি করতেন।                    

নীলফামারী

নীলফামারীর ডিমলায় গাজীপুরফেরত ১৮ বছর বয়সী এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি গাজিপুরের একটি পোশাক কারখানার নিরাপত্তা কর্মীর কাজে ছিলেন।

তার বাড়ি ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা খোকসারঘাট গ্রামে। এঘটনায় ওই এলাকার ১৪টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

এর আগে জেলার কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় দুই জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়।

এ নিয়ে নীলফামারী জেলায় আক্রান্তের সংখ্যা  তিনে পৌঁছল বলে জানান সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন।

শেরপুর

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

শনিবার দুপুরের শেরপুরের সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট  আসাদুজ্জামান জানান, করোনাভাইরাস সন্দেহে গত বুধবার অ্যাম্বুলেন্স চালকের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষায় ওই চালকের শরীরে করোনা ভাইরাস পজিটিভ বলে নিশ্চিত করা হয়।

“তাই অ্যাম্বুলেন্স চালকের সংস্পর্শে আসা ইউএইচএফপিও এক জন, ডেন্টাল সার্জন একজন, চিকিৎসক ছয় জন, চিকিৎসক সহকারী দুই জন, ফার্মাসিস্ট দুই জন, ওর্য়াডবয় এক জন, স্যানেটারি ইন্সেপেক্টর একজন, হেলথ ইন্সেপেক্টর এক জন, সহকারী হেলথ ইন্সেপেক্টর চার জন, স্বাস্থ্য পরির্দশক এক জন, অফিস সহকারী তিন জন ও সিএইচসিপি এক জনসহ মোট ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়।”

গাইবান্ধা

করোনাভাইরাস মোকাবিলায় ‘লকডাউনে’ থাকা গাইবান্ধায় খাবারের দাবিতে রাস্তায় নেমেছে দিনমজুররা।

শনিবার বেলা ১১টায় গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পিয়ারাপুর ফাঁরাজ খাঁর বাজার এলাকায় বোয়ালী-পিয়ারাপুর সড়কে শতাধিক দিন এনে দিন খাওয়া এসব মানুষ খাবারের দাবিতে রাস্তায় মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের যে কোন সহায়তা পেতে ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের টাকা দিতে হয়। টাকা ছাড়া মেলেনা কোনো সরকারি সহায়তা। এ কারণে দেশের এই সংকট মুহূর্তে তারা ঘরবন্দি থেকেও কোনো খাদ্য সহায়তা পাচ্ছেন না।

তারা সরকারি খাদ্য সহায়তা পেতে সেনাবাহিনীর মাধ্যমে খাবার বিতরণের দাবি জানিয়েছেন তারা।

জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্য সহায়তা বাবদ এ পর্যন্ত ৭৯৫ মেট্রিক টন চাল ও শিশু খাদ্য বাবদ চার লাখসহ ৩৭ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্ধ পাওয়া গেছে। এর মধ্য ৬৫৮ মেট্রিক টন চাল ও শিশু খাদ্যসহ ২৯ লাখ টাকার খাদ্য সহায়তা বিতরণ কাযক্রম অব্যাহত আছে।

গাইবান্ধায় নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত