২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত

নারায়ণগঞ্জ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসা এক ব্যক্তির ‘করোনাভাইরাস পজেটিভ’ শনাক্ত হয়েছে, এ নিয়ে জেলায় এ রোগীর সংখ্যা দাঁড়াল ছয়জন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 02:57 AM

Updated : 18 Aug 2022, 02:51 PM

এ ব্যক্তির সংগৃহিত নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় শনিবার পজেটিভ পাওয়া যায়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন জানান, আক্রান্ত ওই ব্যক্তিকে গোবিন্দগঞ্জ সরকারি কলেজে অস্থায়ী ভিত্তিতে তৈরি  আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।

তিনি আরও জানান, আক্রান্ত ওই ব্যক্তি গত ২৪ মার্চ নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। পরে ওই ব্যক্তির এ রোগের উপসর্গ দেখা দিলে গত বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কুইক রেসপন্স টিম সদস্যরা তার নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদি হাসান জানান, ওই ব্যক্তির সংস্পর্শে আসা ১৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং তার বাড়ী লকডাউন করা হয়েছে। এছাড়া ইতিমধ্যে ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছে তাদের শনাক্তের কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

এর আগে জেলায় আমেরিকা প্রবাসী মা-ছেলে ও তাদের সংস্পর্শে আসা আরও ৩ জনসহ মোট পাঁচজনের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জন গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও একজন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং একজন সাদুল্লাপুরে হোম আইসোলেশনে রয়েছে।

এছাড়া গত শুক্রবার থেকে গাইবান্ধা জেলা লকডাউন ঘোষণা করা হয়।

এদিকে গত ৩/৪ দিন থেকে ঢাকা, নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জসহ থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাইবান্ধায় প্রবেশ করে অসংখ্য মানুষ। শনিবার পর্যন্ত তিন শতাধিক ব্যক্তিকে শনাক্ত করে প্রতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।