২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইরাস আতঙ্কে জেলা সাংবাদিকরা

নভেল করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সুরক্ষা উপকরণ ছাড়া সংবাদ সংগ্রহে যেতে হওয়ায় আতঙ্কে আছেন যশোরের সাংবাদিকরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 09:38 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

এভাবে বাইরে বেরোনো নিয়ে সাংবাদিকদের বাড়িওয়ালা ও প্রতিবেশীর কাছ থেকে অভিযোগ শুনতে হচ্ছে বলেও জানিয়েছেন তারা।

যমুনা টেলিভিশনের যশোর প্রতিনিধি সাজেদ রহমান বলেন, “প্রতিটি সঙ্কটময় সময়ে পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ করতে হয় সাংবাদিকদের।  এ কারণে স্পটে উপস্থিত থাকা খুবই জরুরি। আমাদের টেলিভিশন সাংবাদিকদের জন্য তো অত্যাবশ্যক। আর এসব সময়ে খেয়াল থাকে না ঝুঁকি বা অন্য কিছুর কথা।”

চ্যানেল আইয়ের যশোর প্রতিনিধি আকরামুজ্জামন বলেন, “সকাল হলেই ক্যামেরার ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে আসি বাসা থেকে। দুপুরে আবার বাসায় ঢুকে আবার বেরোই বিকালে। এ অবস্থায় শুক্রবার সকালে বেরোনোর সময় বাড়িওয়ালা ডেকে বললেন, ভবনের অন্যান্যরা আমার বারবার বাইরে যাতায়াত নিয়ে আপত্তি করেছেন।”

সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জুয়েল মৃধা বলেন, “বাড়ি থেকে বেরোনো ও ঢোকার সময় পরিবারের সদস্যদের আপত্তি। শুধুমাত্র হ্যান্ড গ্লাভস ও স্যানিটাইজারে আর মানতে চাইছে না। পিপিই সংগ্রহের তাগাদা দিচ্ছে বাড়ি থেকে।”

চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক সমকালের যশোর অফিসের স্টাফ রিপোর্টার এসএম তৌহিদুর রহমান বলেন, “আসলে সংবাদ যখন মুখ্য তখন তা সংগ্রহের আত্মিক তাগিদে ঝুঁকিটা অগ্রাহ্য হয়ে যায়। আসলে যা হওয়া উচিৎ তা হচ্ছে যাদের নিয়ন্ত্রণে আমরা কাজ করি, তাদেরই  ভাবা উচিৎ আমরা কোন অবস্থায় কাজ করছি এবং আমাদের জন্য কী করতে হবে।”

যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, “আমরা প্রথম দিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে আমাদের সদস্য ও সদস্য নন সকল সাংবাদিককে হ্যান্ড গ্লাভস ও মাস্ক দিয়েছিলাম। কিন্ত এখন যখন ভাইরাসটির সামাজিক সংক্রমণ শুরু হয়েছে তখন শুধু গ্লাভস আর মাস্কই যথেষ্ট নয়। বিষয়টি নিয়ে স্ব-স্ব অফিস যদি এগিয়ে আসে তাহলে ঝুঁকিমুক্ত পরিবেশ তৈরি করা সম্ভব।”

যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন বলেন, “যে অবস্থা আমরা দেখছি তাতে মনে হচ্ছে, করোনাভাইরাস ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখা খুবই কঠিন ব্যাপার। নিজেকে ভাইরাসমুক্ত রাখব না বহন করা ক্যামেরা, ট্রাইপড অথবা ল্যাপটপকে? কৌশল নির্ধারণ খুবই জরুরি।

“রাজধানীতে তিন সাংবাদিকের করোনাভাইরাস আক্রান্তের খবরে আমরাও দুশ্চিন্তায়। সাংবাদিকদের ঝুঁকি ভাতার বিষয়ে কেউ কিছু ভাবছেন কি না সেটা নিয়েও আলোচনা দরকার।”