২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে শ্বাসকষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফেনীর পরশুরামে শ্বাসকষ্টে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 08:34 PM

Updated : 08 Apr 2022, 12:36 AM

শনিবার পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে এই হাসপাতালের চিকিসক জানান।

মৃত ১৭ বছর বয়সী এই তরুণ পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া গ্রামের বাসিন্দা এবং পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল খালেক পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, ছোটবেলা থেকেই এই ছেলে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল। শনিবার দুপুরের দিকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

“পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, মৃত্যুর ঘটনাটি জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।  তাদের নির্দেশে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তার বলেন, মারা যাওয়া তরুণের শরীরে আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। তারপরও করোনার সংক্রমণ ছিল কিনা তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

পরে বিকলে স্বাভাবিক নিয়মে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে ইউএনও জানান।