২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে আক্রান্ত ১০, জেলা ‘অবরুদ্ধ’

দুজন স্বাস্থ্যকর্মীসহ ১০ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মুন্সীগঞ্জ জেলা ‘অবরুদ্ধ’ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 08:03 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার শনিবার দুপুরে এক জরুরি সভা শেষে এই ঘোষণা দেন।

তিনি বলেন, “গত চার দিন ধরেই মুন্সীগঞ্জ এক রকম লকডাউনে আছে। লকডাউন শব্দটি ব্যবহার না করা হলেও পুরো জেলা এমনকি ইউনিয়ন থেকে ইউনিয়নের যোগাযোগও বন্ধ রাখা হয়েছে।

“আর ১০ জন করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর পুরো জেলাই সীল করে দেওয়া হয়েছে।”

দুপুরের পর মুক্তারপুর ও শ্রীনগরের ছনবাড়ি পয়েন্ট দিয়েই শুধু জেলায় জরুরি যান প্রবেশের সুযোগ রাখা হয়েছে। প্রবেশের আর সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। নৌপথও বন্ধ করে দেওয়া হয়েছে। গজারিয়ার মেঘনা মোহনায় নৌযান দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে নৌ পুলিশ।

এদিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন স্বাস্থ্যকর্মী সংক্রমিত হওয়ায় সেখানকার স্বাস্থ্য সেবা খুবই সীমিত হয়ে গেছে।

এখনকার স্বাস্থ্যসেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।

সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “এখন সকলের প্রতি অনুরোধ, সবাই ঘরে থেকে নিজেদের ও অন্যদের সুরক্ষা করি।”