রাজবাড়ীতে আক্রান্ত ৫ জন, সদর উপজেলা অবরুদ্ধ
রাজবাড়ী সদর উপজেলায় পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এরপর প্রশাসন ওই উপজেলা অবরুদ্ধ ঘোষণা করেছে।
আক্রান্তদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। তাদের বাড়ি রাজবাড়ী সদরের বিভিন্ন এলাকায়।
শনিবার রাজবাড়ী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, “গত কয়েকদিনে রাজবাড়ী জেলার ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।”
তাদের রাজবাড়ী সদর হাসপাতালের ‘আইসোলেশন ওয়ার্ডে’ রাখার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান খান বলেন, আক্রান্তদের সবার বাড়ি সদর উপজেলায়। তাই এ উপজেলা লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
