ফরিদপুরে জ্বর নিয়ে ‘রাস্তায়’ মৃত্যু দিনমজুরের
ফরিদপুরের জ্বর নিয়ে দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকা এ ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর মৃত বলে জানান চিকিৎসক।
ফরিদপুরের মধুখালী উপজেলায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে সশ্লিষ্টরা জানান।
শনিবার সকাল ১০টার দিকে আব্দুস সামাদের মৃতদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা ছিল।
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে যায়নি বলে সশ্লিষ্টদের ভাষ্য।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. জুয়েল বলেন, “রাত পৌনে ১১টার দিকে ওই রোগীকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে তাকে মৃত পাই।”
মৃত আব্দুস সামাদ মন্ডল (৪৮) যশোরের খাজুরা এলাকায় বলে জানা গেছে।
মধুখালীর কামারখালী বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, আব্দুস সামাদ মন্ডল কামারখালীতে এসেছিলেন দিনমুজুরের কাজ করতে। জ্বর হওয়ায় তিনি একটি ভ্যানযোগে হাসপাতালে যাচ্ছিলেন। তবে পথিমধ্যে ফরিদপুর-খুলনা মহাসড়কের মাঝিবাড়িতে একটি জুট মিলের সামনে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায় ওই ভ্যানচালক।
“এভাবে সারাদিন সেখানে পড়েছিলেন তিনি। ওই পথ দিয়ে অনেকেই যাতায়াত করলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে।”
খবর পেয়ে সন্ধ্যার দিকে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ সেখান যান বলে জানান মোহাম্মদ আলী।
মধুখালী থানার ওসি আমিনুর রহমান বলেন, “লোকটি ভ্যানযোগে হাসপাতালে আসার পথে তাকে করোনাভাইরাস রোগী সন্দেহে পথে ফেলে যায় ভ্যানচালক। এরপর সে রাস্তার পাশে একটি গর্তে পরেছিল। দীর্ঘ সময় এভাবে পরে থাকার পর রাত ৯টার দিকে আমরা ওই রোগীকে ফরিদপুর থেকে আসা বিশেষ অ্যাম্বুলেন্সযোগে ফমেক হাসপাতালে পাঠাই।”
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মানোয়ার বলেন, “অসুস্থ ওই ব্যক্তি জ্বরে আক্রান্ত ছিলেন বলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য একটি অ্যাম্বেুলেন্স চেয়ে পাঠাই। তবে ফরিদপুর থেকে ওই অ্যাম্বুলেন্স আসতে অনেক রাত হয়ে যায়।”
মধুখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজা বলেন, “জ্বরে আক্রান্ত আব্দুস সামাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে নেওয়ার সুযোগ ছিল না সতর্কতার কারণে। তাহলে হাসপাতালের অ্যাম্বুলেন্স ১৪ দিন সাধারণ রোগী বহন করতে পারত না।”
হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. জুয়েল।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান বলেন, “ওই রোগীটি করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে কেউ তাকে উদ্ধারে এগিয়ে আসেনি বলে জেনেছি। সেখানেই সে মারা যায়।”
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, “রাতেই আমরা ওই মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন নমুনা সংগ্রহ করি। আজ সকালে এসব নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।”
