ঠাকুরগাঁও সীমানায় আটক ঢাকা-নারায়ণগঞ্জ থেকে আসা ৯০ জন
ঠাকুরগাঁও সদর উপজেলা দিয়ে প্রবেশের সময় ঢাকা ও ‘সম্পূর্ণ অবরুদ্ধ’ নারায়ণগঞ্জ জেলা থেকে আসা ১৪ টি গাড়িসহ ৯০ জন যাত্রীকে আটক করেছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ২৯ মাইল এলাকার সীমানা (ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক) থেকে গাড়িসহ ওই যাত্রীদের আটক করা হয়।
আটকদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায়। তার ঢাকা ও নারায়ণগঞ্জে কাজ করেন।
ওসি বলেন, করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক আকার ধারণ করলে ঢাকা ও নারায়ণগঞ্জ লকডাউন করে প্রশাসন। এরপর সেসব এলাকা থেকে গোপনে ১৪টি যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, পিকআপ, প্রাইভেটকার গাড়িতে দেড় শতাধিক নারী-পুরুষ ও শিশু যাত্রী ঠাকুরগাঁওয়ের পথে রওনা হয়।
“খবর পেয়ে ঠাকুরগাঁওয়ে প্রবেশ সীমানায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক চেকপোস্টে ওই ১৪ টি গাড়িসহ ৯০ জন যাত্রীকে আটক করা হয়। এ সময় কিছু যাত্রী পালিয়ে যায়।”
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, ভ্রাম্যমাণ আদালত গঠন করে প্রত্যেকটি গাড়িচালককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
“এছাড়াও আটক ৯০ জন যাত্রীকে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে হোম কোয়ারেন্টাইনে এবং গাড়িগুলোকে পুলিশ লাইনে রাখা হয়েছে। ”
জগন্নাথপুর এলাকার মাজেদুর রহমান বলেন, করোনাভাইরাস সংক্রামিত এলাকা থেকে কিভাবে এসব মানুষ গণপরিবহণে করে ঠাকুরগাঁও আসছে তা কঠোরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।
“দলে দলে এত মানুষ এলাকায় এসেছে, এতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ”
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠাকুরগাঁওয়ের প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো গণপরিবহণে যাত্রী পরিবহণ করলে সেই গাড়ির লাইসেন্স বাতিল করা হবে। কঠোর নজরদারি করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
