টাঙ্গাইলে ফার্মাসিস্টের করোনাভাইরাস শনাক্ত, গ্রাম অবরুদ্ধ
টাঙ্গাইলের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্টের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর ওই ব্যক্তির গ্রাম অবরুদ্ধ করা হয়েছে।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীম আল রাজী একথা জানান।
এই ব্যক্তি মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত হলেও তার বাড়ি একই জেলার গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের গোহাত্রা গ্রামে।
তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে বলে গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস বলেন, এই ব্যক্তি কয়েকদিন আগে নিজ গ্রাম গোহাত্রা গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ও মসজিদে নামাজ আদায় করেছেন।
“তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার ওই গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।”
গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীম আল রাজী বলেন, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই ফার্মাসিস্ট বেশ কয়েকদিন ধরে সর্দিজ্বর ও কাশিতে ভুগছিলেন।
“বুধবার সকালে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। পরীক্ষা শেষে তার কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়।”
