করোনাভাইরাস: কক্সবাজার অবরুদ্ধ ঘোষণা
নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পুরো কক্সবাজার জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করেছেন জেলা প্রশাসক; এতে কেউ আর কক্সবাজারে ঢুকতে-বেরোতে পারবে না।
বুধবার সন্ধ্যায় ‘লকডাউনের’ কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার বাসিন্দারা ‘লকডাউনের আওতায় থাকবে।’
গত মাসেই কক্সবাজারের সব পর্যটন কেন্দ্র প্রশাসন বন্ধ করে দেয়।
এদিকে এ ‘লকডাউনের’ ঘোষণার পর থেকে পুলিশ ও র্যাব সদস্যদের পাশাপাশি কক্সবাজার শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে সেনা বাহিনীর সদস্যরা। তারা বিভিন্ন জায়গায় জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দেওয়ার পাশপাশি মাইকিং করে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছেন।
খুব জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন তারা।
কক্সবাজার জেলার প্রধান সবক’টি প্রবেশ পথ বন্ধ করে চেকপোস্ট বসিয়ে অবস্থান নিয়েছে সেনা বাহিনী ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।
জেলা শহরের পাশাপাশি সব উপজেলায় সেনা সদস্যদের টহল জোরদার করা হয়েছে। এছাড়া জরুরি সেবাদানকারী যানবাহন বাদে অন্য সবধরণের গাড়ির যাতায়াত বন্ধ রাখা হয়েছে। তবে ত্রাণ সামগ্রী, খাদ্য ও চিকিৎসাসহ জরুরি প্রয়োজনীয় কাজে কিছু সংখ্যক যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, বুধবার সন্ধ্যা থেকে কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা দেয়া হয়েছে। এতে আজ থেকে যে কেউ কক্সবাজারে প্রবেশ বা বাইরে যেতে পারবে না। এছাড়া ত্রাণ সামগ্রী, খাদ্য ও চিকিৎসাসহ জরুরী প্রয়োজনীয় কাজে ব্যবহৃত যানবাহন বাদে অন্য সবধরণের গাড়ীর যাতায়ত বন্ধ রাখার দির্দেশনা দেয়া হয়েছে।
“খাদ্য সামগ্রীসহ মুদির দোকান, ফার্মেসি ও কাঁচাবাজার ছাড়া অন্য সবধরণের ব্যবসা প্রতিষ্ঠান লকডাউনের আওতায় থাকবে। জেলা শহরসহ সবকটি উপজেলার কাঁচাবাজারগুলোকে খোলা ও বন্ধ রাখার সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে।”
প্রশাসনের এ নির্দেশ অমান্যকারীদের আর্থিক জরিমানার পাশাপাশি প্রয়োজনের জেল হাজতে পাঠানো হবে বলেও জানান জেলা প্রশাসক।
এর আগে নারায়গঞ্জসহ বেশ কয়েকটি জেলা অবরুদ্ধ ঘোষণা করা হয়।
