২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে আরো আক্রান্ত ৪ শনাক্ত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2020, 08:57 PM

Updated : 18 Aug 2022, 02:49 PM

বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, নতুন আক্রান্ত চারজনের দুইজন একই এলাকার। অপর দুইজন ভিন্ন ভিন্ন এলাকার।

আক্রান্তদের মধ্যে ১৬ বছরের এক কিশোর এবং ৮০ বছরের বৃদ্ধ রয়েছেন। অপর দুইজনের বয়স ৩২ ও ৩৫ বছর।

এর আগে বিভিন্ন এলাকার চার আক্রান্ত ৫০, ৫৫, ৬৮ ও ৭০ বছর বয়সী।

স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেরানীগঞ্জে বুধবার তিন এলাকায় নতুন করে চার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় গত রোববার থেকে বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা মোট আটজনে দাঁড়ালো।

আক্রান্তদের সবাইকে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“বুধবার যে চারজন নতুন করে আক্রান্ত হয়েছেন তাদের স্বজনদের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

“করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে এলাকা তিনটি পর্যবেক্ষণ করে লকডাউন করে দেওয়া হবে।”

এছাড়াও হোম কোয়ারেন্টিনের ব্যানার ও লাল নিশান দিয়ে চিহ্নিত করে দেওয়া হবে বলে এ স্বাস্থ্যকর্তকর্তা জানান।

আক্রান্তদের এলাকাগুলোয় বসবাসরত মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয় তারা দেখভাল করবেন এবং  হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সব ধরণের সহযোগিতাসহ অন্যান্য বিষয় উপজেলা প্রশাসন দেখবে বলে জানান ডা. মীর মোবারক।