ময়মনসিংহে তরুণীকে ‘ধর্ষণের পর হত্যা’
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে; যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার বাবা।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যশরা ইউনিয়নের পাড়া ভরট গ্রাম থেকে ২০ বছর বয়সী তাকমিনার লাশ তারা উদ্ধার করেন।
নিহত (২০) তাকমিনা উপজেলার যশরা ইউনিয়নের পাড়া ভরট গ্রামের মতিন মিয়ার মেয়ে।
যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, তাকমিনা তিন বোনের মধ্যে বড়। সে স্থানীয় আঠারোদানা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেও কলেজে ভর্তি হয়নি।
মেয়েটির পরিবারের বরাতে তিনি বলেন, সোমবার রাত ৯টার দিকে তাকমিনা ও তার এক বোন খাওয়া-দাওয়া শেষে আলাদা ঘরে ঘুমাতে যায়। ভোরে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে পাড়া ভরট জামে মসজিদের পাশে চান্দে মড়লের ভিটায় একটি গাছে তাকমিনার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা বাড়িতে খবর দেন। পরে তারা থানায় জানালে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
নিহতের বাবা মতিন মিয়ার দাবি, দুর্বৃত্তরা তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।
ওসি অনুকুল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
