সড়কে প্রাণ গেল গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রাণ গেছে।
খুলনা-ঢাকা মহাসড়কের কাক ডাঙ্গা এলাকায় শনিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কাটাখালী হাইওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান।
নিহত মেহেদী হাসান লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং কুষ্টিয়া জেলার সদর উপজেলার বোতালী গ্রামের বজলুর রহমানের ছেলে ছিলেন।
ওসি বলেন, বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
“শনিবার রাত ২ টার দিকে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী মারা যান।”
বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক বিতান খানম বলেন, মেহেদীর বাবা ও বোন ও পৃথক সড়ক দুর্ঘটনায় মারা যান। মেহেদীর মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
তার লাশ মর্গ থেকে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
