ফেনীতে দিনের বেলা প্রাইভেট কারে করে গরু চুরির চেষ্টা, আটক ২
ফেনীতে দিনের বেলা প্রাইভেটকারে করে গরু চুরির চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মোটবি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন জেলার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে সোহের রানা (২৫) ও একই উপজেলার সোনাপুর গ্রামের কোম্পানী বাজার এলাকার আবদুর রহিমের ছেলে নুরুল আবসার (৩০)।
তারা লক্ষ্মীপুর গ্রামের আবদুল কাদেরের একটি ছোট গরু চুরির চেষ্টা করেন বলে অভিযোগ।
গরুর মালিক কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তিনি তার গরুটি হাজারি মোড়ে ঘাসের জমিতে বেঁধে রেখে ভ্যান চালাতে যান।
“দুপুরে একটি প্রাইভেট কারে করে গরুটি নিয়ে পালানোর সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দেয়। ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সদর উপজেলার লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কারটি একটি দোকান ঘরে ঢুকে পড়লে চোররা ধরা পড়ে।”
স্থানীয়রা দুইজনকে আটক করলেও আরও দুইজন পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
পরিদর্শক সাজেদুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার জব্দ করে। গরুটি উদ্ধার করে। আর দুইজনকে আটক করে। স্থানীয়দের মারধরে তারা আহত হয়েছেন। তাদের ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় গরুর মালিক মামালা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ফেনী থানার ওসি মো. আলমগীর হোসেন।
