২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে গাছচাপা পড়ে অটোরিকশার ৫ জন নিহত

ঢাকার ধামরাই উপজেলায় একটি অটোরিকশার উপর গাছ পড়ে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরওদুইজন।  

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2020, 03:42 PM

Updated : 08 Apr 2022, 12:27 AM

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান,উপজেলার কাওয়ালীপাড়া-বালিয়া সড়কের মাদারপুর এলাকায় সোমবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাইচাল গ্রামের নুরু (৬৫), কামারপাড়া গ্রামের শামসুল (৭০), তেলিগ্রামের মাজেদা বেগম (৬৫), একই গ্রামের আয়শা (৬০) ও অজ্ঞাত পরিচয় এক নারী।

এ ঘটনায় আহত দুইজনকে কাওয়ালীপাড়া জনকল্যাণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, পাঁচজন ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতার কার্ড করার জন্য যান। পরে একটি অটোকিশায় করে বাড়ি ফিরছিলেন তারা।

পথে কাওয়ালীপাড়া-বালিয়া সড়ক প্রসস্ত করার জন্য গাছ কাটার কাজ চলছিল। সেখান দিয়ে যাওয়ার সময় একটি গাছ অটোরিকশাটির উপর পড়লে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

তিনি বলেন, আহতদের মধ্যে একজন পুরুষ ও আরেকজন নারী। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর গাছ কাটার ঠিকাদারের কর্মচারীরা পালিয়ে গেছে।